বোমা হামলার হুমকি, ইউরোপ জুড়ে এক দিনেই ব্যাহত ২০ ফ্লাইট

ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর ও বাণিজ্যিক ফ্লাইটে ধারাবাহিক বোমা হামলার হুমকিতে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি সপ্তাহে অন্তত ২৮টি উড়োজাহাজ নিরাপত্তা সতর্কতা, তল্লাশি কিংবা গতিপথ পরিবর্তনের কারণে বিঘ্নের মুখে পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে অন্তত ২০টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
এসব ঘটনায় কয়েকটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে, কয়েকটিকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে এবং কোথাও কোথাও যাত্রীদের নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো উড়োজাহাজে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের হুমকিতে বেলজিয়াম, স্পেন, ইতালি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, বুলগেরিয়া ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের বিমান চলাচল বিঘ্নিত হয়। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ইতালির রোমগামী অ্যার লিঙ্গাসের একটি ফ্লাইটকে বোমা হামলার হুমকির পর ফ্রান্সের একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করানো হয়। উড়োজাহাজটিতে ১৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। নিরাপদে অবতরণের পর যাত্রীদের সরিয়ে নিয়ে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।
এ ছাড়া মাদ্রিদ, লন্ডন ও কোপেনহেগেন থেকে বুলগেরিয়াগামী রায়ানএয়ারের তিনটি ফ্লাইটও হুমকির মুখে পড়ে। প্রাগ বিমানবন্দরে অবতরণ করা চারটি উড়োজাহাজে তল্লাশি চালায় চেক পুলিশ। একই সময়ে মিলান, রোম, ওয়ারশ ও হেলসিংকিসহ বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। কয়েকটি ঘটনায় ফাইটার জেট পাঠিয়ে উড়োজাহাজকে পাহারা দিয়ে নিরাপদে অবতরণ করানো হয়েছে।
চলতি সপ্তাহে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রায়ানএয়ার। তাদের আটটি ফ্লাইটে নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। বুলগেরিয়ার সোফিয়া ও ইতালির মিলান বিমানবন্দরে ছয়টি করে ঘটনা ঘটেছে। রোমে পাঁচটি ও প্রাগে চারটি ঘটনা নথিভুক্ত হয়েছে।
কারা দিচ্ছে এসব হুমকি?
বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হুমকির ধরন ও সময়ের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের পরিবহনবিষয়ক কমিশনার আপোস্তোলোস জিজিকোস্তাস বলেছেন, ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, তা বলার সময় এখনো আসেনি। তবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
ইতালির সংবাদমাধ্যম আনসার তথ্য অনুযায়ী, মিলান মালপেনসা বিমানবন্দরে ইতালীয় ভাষায় পাঠানো একটি বেনামি ইমেইলে থেসালোনিকি ও পোর্তো থেকে আসা দুটি ফ্লাইটে বিস্ফোরক থাকার দাবি করা হয়। রোম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও একই ধরনের ইমেইল পাঠানো হয়েছিল।
এখন পর্যন্ত এসব হুমকির পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন কিংবা রাষ্ট্রের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। ইউরোপে সাম্প্রতিক সময়ে সাইবার হামলা ও নাশকতার আশঙ্কা বাড়লেও এসব ঘটনার সঙ্গে সেগুলোর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনই বিচ্ছিন্নভাবে ভুয়া হুমকি আসে। কিন্তু এক সপ্তাহে এত বিপুলসংখ্যক হুমকি অস্বাভাবিক। ফলে সম্ভাব্য সমন্বিত তৎপরতা কিংবা অনুকরণমূলক হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।
source: Rajneete






