‘পুলিশের পোশাকধারী ২ জনের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ’

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনার বিষয়ে তার জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপ বলেছেন, পুলিশের পোশাক পরিহিত দুজন তাদেরকে ধাওয়া দিয়েছে। ফলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয় এবং দীপ পালিয়ে যায়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় দীপকে নিয়ে অভিযান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধারের পর সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনায়েত হোসেন মান্নান বলেন, কিন্তু তারা আসলে কারা, পুলিশ কি না, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে তারা কেন এসেছিল তা যাচাই করা হচ্ছে। তারা মাদকাসক্ত ছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে। অনেক কিছু বলেছে কিন্তু সব কিছু যাছাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করেছি। মনে হচ্ছে মোটরসাইকেলটি নিহত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার। তবে এখনো আমরা ভেরিফাইড করতে পারিনি। কাগজপত্র চেক করে ভেরিফাইড করার পর সেটি নিশ্চিতভাবে বলা যাবে।
পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, এই এলাকায় তারা এসেছিল বলেছে। কোথায় গিয়েছিল বলেছে এবং বিভিন্ন তথ্য দিয়েছে। সেগুলো আমরা সব বিশ্বাস করছি না। ভেরিফাইড করছি।
এনায়েত হোসেন বলেন, আমরা তদন্তের স্বার্থে যেগুলো দরকার, সেগুলো রাখব। যদি মনে হয় কোনো ক্রাইম আছে বা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো যাচাই করে দেখব।
এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি রাজধানীর তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনের কে এম এনায়েতুল করীম হেলালের বড় ছেলে। তারা তিন ভাই বোন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তাহসিফ সৌরি।
source: Asia Post







