News

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে বসে থাকা তিন বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের রেললাইনে ছাতা হাতে বসে ছিল শিশু ইভান। এ সময় ট্রেন আসার শব্দ পেয়ে তাকে সরিয়ে নিতে ছুটে যান মা মনিরা খাতুন। তখন ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় শিশু ইভানও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

source: Asia Post

Back to top button