News

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা ইরানের, সতর্ক মার্কিন গোয়েন্দারা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থবাহী বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান— এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। হামলার সম্ভাব্য লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

তবে হামলাটি বাস্তবায়নের সক্ষমতা বা তেহরানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। হোয়াইট হাউজ বলেছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এ মুহূর্তে কোনো বিশ্বাসযোগ্য তাৎক্ষণিক হুমকি নেই। ইরানও এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানিদের ইঙ্গিত করে বলেছেন, ‘ওরা একটু পাগলাটে ধাঁচের’।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন, ইরান সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প নিয়ে পরিকল্পনা করছে। এর মধ্যে ওয়াশিংটনে একটি ‘ডার্টি বোমা’ বিস্ফোরণ ঘটানো অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করার বিষয় রয়েছে।

পরিকল্পনায় সম্ভাব্য লক্ষ্যবস্তু ও হামলার স্থানও নির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা। তবে একে আসন্ন হামলার প্রমাণ নয়, বরং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন তারা।

গোয়েন্দাদের তথ্য বলছে, ‘ডার্টি বোমা’ পারমাণবিক বোমা নয়। এতে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় দূষণ ছড়ানো হয়। এতে পারমাণবিক বিস্ফোরণ না ঘটলেও আতঙ্ক, স্বাস্থ্যঝুঁকি ও ব্যাপক নিরাপত্তা সংকট তৈরি হতে পারে।

এমন তথ্য পাওয়ার পর গত এক সপ্তাহে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। সম্ভাব্য হামলা প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে জরুরি পরিকল্পনাও নেওয়া হচ্ছে। ইরানের হুমকির পর গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলেও সিএনএন জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বোমা তৈরির উপকরণ মজুত থাকার বিষয়ে ইরানি যোগাযোগের কিছু তথ্যও গোয়েন্দাদের হাতে এসেছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের মতো লোকবল ইরানের রয়েছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার ম্যানিলায় সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হামলা আসন্ন কি না— জানতে চাইলে তিনি বলেন, তিনি আশা করছেন এমন কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে হামলা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগগুলো ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘে ইরানের মিশনও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে।

source: Rajneete

Back to top button