থ্রিলার-ড্রামার বাইরে এবার ফ্যাশন কনটেন্টে চরকি

থ্রিলার, কমেডি কিংবা ড্রামা-বিভিন্ন ঘরানার সিনেমা ও সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ভিন্নধর্মী একটি আয়োজন। রানওয়ে, ফ্যাশন, ডিজাইন ও মডেলদের নিয়ে তৈরি তিন পর্বের কনটেন্ট ‘আরকা’স নেক্সট মডেল’ মুক্তি পেতে যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।
আগামী ২৫ নভেম্বর রাত ১২টার পর (২৬ নভেম্বর) থেকে চরকিতে দেখা যাবে সিরিজটি। এতে উঠে আসবে তরুণ প্রজন্মের ফ্যাশনচিন্তা, পোশাকের নকশা, ক্যাটওয়াক এবং দেশের ফ্যাশন অঙ্গনের নানা দিক। ফ্যাশন নিয়ে আগ্রহী দর্শকদের পাশাপাশি নতুন প্রজন্মের স্টাইল ও সৃজনশীলতা সম্পর্কেও ধারণা দেবে এই আয়োজন।
দর্শকদের জন্য ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ভাবনা থেকেই ২০২৫ সালে ‘আরকা’স নেক্সট মডেল’-এর সঙ্গে যুক্ত হয় চরকি। সে বছর আয়োজিত আসরের দৃশ্যই এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
দেশের ফ্যাশনশিল্পে নতুন সম্ভাবনা তৈরি এবং স্থানীয় নকশাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে ‘আরকা’। এটি কেবল ফ্যাশন শো নয়, বরং দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আধুনিক তারুণ্যের সৃজনশীলতাকে এক জায়গায় নিয়ে আসার একটি উদ্যোগ। সংস্কৃত ভাষায় ‘আরকা’ শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি। সেই ভাবনা থেকেই বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।
‘আরকা’স নেক্সট মডেল’-এর পরিচালক আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে শুধু পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নয়, বরং নিজস্ব নকশা ও ফ্যাশন রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য। তাঁর ভাষায়, ‘আরকা’স নেক্সট মডেল’ দেশের ফ্যাশন ও বিজ্ঞাপন জগতে নতুন মুখ তুলে আনছে। প্রতিবছর এই আয়োজন থেকে মডেলরা কাজের সুযোগ পাচ্ছেন। তরুণদের মধ্যেও এটি ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে লক্ষ্য পূরণে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনির কাছেও এই আয়োজনের গুরুত্ব রয়েছে। তিনি বলেন, দেশের ফ্যাশন ও ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কনটেন্ট তৈরির উদ্যোগ তুলনামূলকভাবে কম। অথচ এই খাতে অনেক প্রতিভাবান ডিজাইনার ও মডেল কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে নানা ধরনের কনটেন্ট তৈরি হয়, যেখানে আধুনিক চিন্তার পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও উঠে আসে। ‘আরকা’স নেক্সট মডেল’-এর মাধ্যমে বাংলাদেশের দর্শকরাও তেমন ভিন্নধর্মী কনটেন্ট দেখার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ‘আরকা’স নেক্সট মডেল’-এর প্রথম আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ঐতিহ্যবাহী জামদানি। এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন প্রতিযোগীরা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করা হয় সেরা ১০ জনকে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী আসরগুলোতেও একই ধারায় মডেল বাছাই করা হবে। পাশাপাশি ক্যাটওয়াকের বাইরে ফ্যাশন মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও মাস্টারক্লাসের মতো আয়োজনও যুক্ত হবে এতে।
source: Asia Post








