জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ ও জ্বালানি রূপান্তরে কঠিন পরীক্ষার মুখে বিশ্ব

সমুদ্রের নীল জলরাশি আর ভূমধ্যসাগরের মনোরম উপকূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা তুরস্কের পর্যটননগরী আনতালিয়া। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই শহরেই আজ (সোমবার, ৯ নভেম্বর) থেকে বসছে বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন-জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। যে পৃথিবীকে রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্বনেতারা এখানে সমবেত হচ্ছেন, সেই পৃথিবীই এখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাতে বিপর্যস্ত। কোথাও দাবানল, কোথাও দীর্ঘস্থায়ী খরা, কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও ঘূর্ণিঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা। অথচ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা এখনো নিশ্চিত হয়নি। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। অথচ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা এখনও নিশ্চিত হয়নি। এই বাস্তবতায় আনতালিয়ার সম্মেলন জলবায়ু ন্যায্যতা, অর্থায়ন ও বিশ্বনেতাদের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।
তবে আনতালিয়ার সম্মেলনকে ঘিরে প্রত্যাশার পাশাপাশি রয়েছে গভীর সংশয়। গত তিন দশকে জলবায়ু সম্মেলনে অসংখ্য ঘোষণা, প্রতিশ্রুতি ও চুক্তি হয়েছে। কিন্তু প্রতিশ্রুত অর্থের যথাসময়ে ছাড়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য বাস্তবায়নে বিশ্ব কতটা এগিয়েছে, সেই প্রশ্নও সামনে। ফলে আনতালিয়ায় আলোচনার টেবিলে একদিকে থাকবে উন্নত দেশগুলোর দায়বদ্ধতা, অন্যদিকে থাকবে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অস্তিত্ব রক্ষার দাবি।
এই সম্মেলনে বাংলাদেশের গুরুত্বও বিশেষভাবে আলোচনায় থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (মঙ্গলবার) আনতালিয়ায় পৌঁছে সম্মেলনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ এবার আন্তর্জাতিক পরিসরে অর্থায়ন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, উপকূলীয় অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল উন্নয়নকে অগ্রাধিকার দিতে চায়। বাংলাদেশের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি আদায় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব প্রকল্প, অর্থায়ন ও মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনে রূপ দেওয়া।
এবারের সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ১৯৭টি পক্ষ বা রাষ্ট্র ও আঞ্চলিক পক্ষের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজক-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিনিধি, আলোচক, বিজ্ঞানী, গবেষক, ব্যবসায়ী, আন্তর্জাতিক সংস্থা, সাংবাদিক, তরুণ ও পরিবেশকর্মীসহ সব মিলিয়ে প্রায় এক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
সম্মেলনের গুরুত্বপূর্ণ আকর্ষণ ১১ ও ১২ নভেম্বরের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই আয়োজনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য দেবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের অংশ নিচ্ছেন। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত ৯০ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ নেতৃত্বের ব্যবস্থা। তুরস্ক সম্মেলনের আয়োজক ও প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। কপ সম্মেলনের ইতিহাসে এই যৌথ ব্যবস্থাপনা আলোচনার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ফলে উন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা তৈরিতে দুই দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
কপ সম্মেলন শুধু রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকদের বৈঠক নয়। এখানে পরিবেশকর্মী, জলবায়ু আন্দোলনকারী, আদিবাসী জনগোষ্ঠী, তরুণ প্রতিনিধি, গবেষক এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের দাবি তুলে ধরেন। এবারের সম্মেলনেও নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, পরিবেশগত ন্যায়বিচার এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিয়ে সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তুরস্কে নাগরিক সমাজের স্বাধীন অংশগ্রহণ এবং প্রতিবাদের সুযোগ নিয়ে উদ্বেগ রয়েছে। সম্মেলনের আগে পরিবেশ আন্দোলনকারীদের আটক ও তদন্তের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ উদ্বেগ জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলেছে, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর কণ্ঠস্বর যেন আলোচনায় উপেক্ষিত না হয়। তাদের দাবি, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাবের তুলনায় সাধারণ মানুষের অধিকার ও দাবি বেশি গুরুত্ব পেতে হবে।
সম্মেলনের আয়োজন ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে তুরস্ক। বিভিন্ন দেশের প্রতিনিধিদল, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক সমাজের অংশগ্রহণের সুযোগ বজায় রাখা আয়োজকদের জন্য বড় পরীক্ষা হয়ে উঠবে।
বাংলাদেশের অগ্রাধিকার: অর্থায়ন, ক্ষতিপূরণ ও অভিযোজন
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং অতিরিক্ত তাপমাত্রা দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি, পানি, জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে নগণ্য। এ বাস্তবতায় এবারের সম্মেলনে বাংলাদেশের মূল বক্তব্য হবে- যারা জলবায়ু সংকট তৈরিতে বেশি দায়ী, তাদেরই ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল জলবায়ু অর্থায়নকে প্রধান অগ্রাধিকার দেবে। বিশেষ করে ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে অনুদানভিত্তিক এবং সহজ শর্তের অর্থায়নের দাবি তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর আগে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সম্মেলনের দুদিনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন এবং বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়ন ও বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহির বিষয়টি তুলে ধরবে।
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি থাকবে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের কার্যকর বাস্তবায়ন। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। শুধু তহবিল গঠন নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলো যাতে দ্রুত, সহজে এবং আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই অর্থ পায়, সে বিষয়ে বাংলাদেশের জোরালো অবস্থান থাকবে। অভিযোজন খাতেও বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি জানাবে। উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংস্কার, নিরাপদ পানির ব্যবস্থা, লবণাক্ততা সহনশীল কৃষি, জলবায়ু সহনশীল অবকাঠামো, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে অর্থ ও প্রযুক্তি প্রয়োজন। বিশেষ করে উপকূলীয় জনগোষ্ঠী, নারী, শিশু, কৃষক ও বাস্তুচ্যুত মানুষের জন্য কার্যকর অভিযোজন কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে।
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহও গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনায় ২৭ বছরে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজনের কথা বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন রয়েছে। একটি সাম্প্রতিক বিশ্লেষণে এই শর্তসাপেক্ষ আন্তর্জাতিক সহায়তার পরিমাণ ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, জ্বালানি দক্ষতা, পরিবেশবান্ধব শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলোও বাংলাদেশের আলোচনায় থাকবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার নামে উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন ও রপ্তানি বাণিজ্য যেন নতুন কোনো বৈষম্যের মুখে না পড়ে, সে বিষয়েও বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হবে।
কপ-৩১-এর আলোচনায় যে সাতটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে কয়েকটি বিষয় বিশ্ব জলবায়ু রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১. দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা রক্ষা: প্যারিস চুক্তির লক্ষ্য অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা অন্যতম প্রধান আলোচ্য। তবে জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি সতর্ক করেছে, বিশ্ব শিগগিরই এই সীমা অতিক্রম করতে পারে। ফলে উষ্ণতা বৃদ্ধির মাত্রা ও সময়কাল যতটা সম্ভব কমিয়ে আনার জন্য দেশগুলোর নতুন অঙ্গীকার প্রয়োজন।
২. জলবায়ু অর্থায়নের নতুন রূপরেখা: উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যমাত্রা বাস্তবায়ন বড় পরীক্ষা। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উৎস মিলিয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়নের বৃহত্তর লক্ষ্য নিয়েও আলোচনা হবে। এই অর্থের উৎস, বণ্টন, অনুদান ও ঋণের অনুপাত এবং অর্থপ্রাপ্তির শর্ত নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
৩. জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর: কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হবে আলোচনার অন্যতম প্রধান বিষয়। তবে উন্নয়নশীল দেশগুলোর প্রশ্ন-বিকল্প জ্বালানির পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি ও অবকাঠামো নিশ্চিত না করে কীভাবে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা সম্ভব? এ ক্ষেত্রে ন্যায্য জ্বালানি রূপান্তরের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
৪. লস অ্যান্ড ড্যামেজ ও অভিযোজন: জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল বৃদ্ধি এবং বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা হবে। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলো কীভাবে দ্রুত অর্থ পাবে, তা নিয়ে আলোচনা হবে।
৫. মিথেন নিঃসরণ ও বর্জ্য ব্যবস্থাপনা: কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি মিথেন নিঃসরণ কমানোর ওপর জোর দেওয়া হবে। কৃষি, জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা থেকে মিথেন নির্গমন কমানো এবং খাদ্যবর্জ্য নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ হবে।
৬. জলবায়ু সহনশীল নগর ও সমুদ্র সুরক্ষা: সমুদ্র ও মহাসাগর সংরক্ষণ, উপকূলীয় এলাকার সুরক্ষা, নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ আলোচনায় থাকবে। বিশেষ করে সমুদ্রনির্ভর অর্থনীতি ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।
৭. ন্যায্য রূপান্তর ও বাস্তবায়ন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্প ও জ্বালানি খাতের পরিবর্তনের ফলে শ্রমিক ও সাধারণ মানুষের কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ন্যায্য রূপান্তর বা জাস্ট ট্রানজিশন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।
তুরস্কের নিজস্ব এজেন্ডা ও নতুন উদ্যোগ
এবারের সম্মেলনে তুরস্ক কয়েকটি বিশেষ উদ্যোগ সামনে আনছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, বিদ্যুতায়ন, সবুজ শিল্পায়ন, সমুদ্র ও মহাসাগর সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীল নগর এবং বর্জ্য ব্যবস্থাপনা। ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও আলোচনায় আসবে। পাশাপাশি ভবন খাতে জ্বালানি দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্মেলনের আলোচনাকে বাস্তব বিনিয়োগ ও প্রকল্পে রূপান্তরের জন্য ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ উদ্যোগও গুরুত্ব পাচ্ছে। এর লক্ষ্য জলবায়ু প্রতিশ্রুতিকে অর্থায়নযোগ্য প্রকল্পে পরিণত করা। অর্থাৎ শুধু আলোচনা ও ঘোষণায় সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দিতে চায় তুরস্ক।
বাংলাদেশের জন্য কতটা অর্জনের সুযোগ?
কপ-৩১ বাংলাদেশের জন্য কেবল আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বিষয় নয়; বরং জলবায়ু ঝুঁকির বাস্তবতা তুলে ধরে অর্থায়ন, প্রযুক্তি ও বিনিয়োগ সংগ্রহের একটি বড় কূটনৈতিক সুযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ তার জলবায়ু অবস্থানকে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরতে পারবে। বিশেষ করে উন্নত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হবে।
তবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব অর্থায়নে রূপান্তর করা। অতীতের বিভিন্ন জলবায়ু সম্মেলনে অর্থায়ন, ক্ষতিপূরণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বহু ঘোষণা এসেছে। কিন্তু প্রয়োজনের তুলনায় অর্থপ্রাপ্তি এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এখনো সীমিত। ফলে এবার শুধু নতুন প্রতিশ্রুতি নয়, আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানাতে হবে।
source: Asia Post







