এক রাতে হাজারের বেশি ড্রোন হামলা, রাশিয়ায় জ্বলছে তেল স্থাপনা

রাশিয়ার ১৫টি অঞ্চলসহ ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় এক রাতে এক হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর এক হাজার ১৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তেল স্থাপনা, গুদাম, আবাসিক ভবন ও একটি ডেটা সেন্টার।
রোববারের হামলায় সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনাল, রুচি তেল ডিপো এবং শহরের দক্ষিণে কোলপিনস্কি এলাকার শিল্পগুদামে আগুন লাগে। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। কয়েকটি আবাসিক ভবন ও দুটি বাড়িও হামলার শিকার হয়েছে।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, ওই অঞ্চলে ১৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর প্রায় ২০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিরাপত্তার কারণে সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচলও সীমিত করা হয়।
রুশ ই-কমার্স প্রতিষ্ঠান ওজোন জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে তাদের লজিস্টিকস কেন্দ্রে আগুন লেগেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ভিকে বলেছে, লেনিনগ্রাদ অঞ্চলে তাদের একটি ডেটা সেন্টারে ড্রোন হামলা হয়েছে। তবে ব্যবহারকারীদের জন্য সেবা স্বাভাবিক রয়েছে।
ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের টানাপোড়েন
এই হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ আরও বেড়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলার সমালোচনা করে ট্রাম্প বলেছেন, জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না।’
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রাখার পক্ষে রোববারও যুক্তি দেন ট্রাম্প। তার দাবি, নতুন নিষেধাজ্ঞা মস্কোকে আলোচনার টেবিল থেকে দূরে ঠেলে দিতে পারে।
ট্রাম্প ১১ অক্টোবর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘জ্বালানি যুদ্ধবিরতি’র কথা জানিয়েছিলেন। তবে এর বিস্তারিত প্রকাশ করেননি। জেলেনস্কির অভিযোগ, ওই ঘোষণার পর এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের জ্বালানি, তেল ও গ্যাস খাতে ৭৬ বার হামলা চালিয়েছে। তার দাবি, পালটা পদক্ষেপ না নিয়ে রাশিয়া নিষেধাজ্ঞা শিথিল ও কূটনৈতিক সমঝোতার সুবিধা নিচ্ছে।
এদিকে রাশিয়ার হামলাও ইউক্রেনে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অব্যাহত রেখেছে। সোমবার রাতে কিয়েভে রুশ হামলায় এক নারী নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় একটি মেট্রো স্টেশন, ২৫ তলা আবাসিক ভবন ও একটি চিকিৎসাকেন্দ্র, আহত হন আরও তিনজন।
রোববার দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় এক নারী নিহত এবং ছয় বছর বয়সী এক শিশুসহ অন্তত দুজন আহত হয়। ভলিন অঞ্চলেও আবাসিক ভবনে হামলায় দুজন নিহত ও ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।
তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা, তাস
source: Rajneete







