কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

ভারতের কলকাতার উত্তরাঞ্চলের চোরাবাগানে দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। শনিবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চোরাবাগান সর্বজনীন পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে কাছের মেডিক্যাল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নেওয়া হয়েছে। হাসপাতালের একটি সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকাও ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে।
এক বিবৃতিতে কলকাতা পুলিশ জানায়, শনিবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার সারদা পার্কের (চোরাবাগান) পূজামণ্ডপের বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটে। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
বার্তা সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, পদদলনের ঘটনায় অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁদের মধ্যে অনেককে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রবেশপথটি অত্যন্ত সংকীর্ণ ছিল, বাহির হওয়ার পথটিও সংকীর্ণ। মণ্ডপের ওই অংশে কোনো আলোকসজ্জা ছিল না। আমরা মেয়ে ও নাতনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
দুর্ঘটনার পর পরিস্থিতি দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। শুভেন্দু অধিকারী জানান, এ ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৫ জন।
এদিকে এবিপি আনন্দের খবরে বলা হয়, মেডিক্যাল কলেজ হাসপাতালের সূত্র অনুযায়ী, সেখানে নেওয়া আহতদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যরা যেন সাহস ও শক্তি পান, সে জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।
source: Rajneete







