ছেলের সাথে ধস্তাধস্তির পর বাবার মৃত্যু

কুমিল্লার তিতাসে মায়ের জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় বাবা নুরুল ইসলাম শান্তি ভূঁইয়া মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মমিতুল ইসলাম রাজনকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক।
জানা যায়, আজ শনিবার রাজনের মা রওশনারা বেগম তার ভাইদের কাছে জমি বিক্রির উদ্দেশ্যে রেজিস্ট্রি অফিসে যান। সেখানে জমি বিক্রির বিষয়টি নিয়ে ছেলে মমিতুল ইসলাম রাজনের সঙ্গে তার বনিবনা না হওয়ায় তিনি রেজিস্ট্রি অফিস থেকে চলে আসেন।
পরে রাজন বাড়িতে এসে মাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তিনি বাবা নুরুল ইসলাম শান্তি ভূঁইয়ার কাছে মায়ের অবস্থান জানতে চান। বাবা বিষয়টি জানেন না বলে জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় নুরুল ইসলাম মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
source: Asia Post







