News

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

অবৈধ অ্যালকোহল পণ্যের মজুত ও শুল্ক-কর ফাঁকি রোধে রাজধানীতে একযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত গোয়েন্দা দল। শনিবার রাতে ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন ফু-ওয়াং ক্লাবসহ ঢাকার বিভিন্ন এলাকার মোট চারটি বারে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল অবৈধ মদ, জিনসেং ও জাফরান জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা, ভ্যাট গোয়েন্দা এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটের সমন্বয়ে গঠিত চারটি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি) এবং বাংলাদেশ আনসার বাহিনী।

গুলশানের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। একটি ছোট কাভার্ড ভ্যানে করে এসব পণ্য রেস্টুরেন্টের বাইরে সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক করে গোয়েন্দা দল। পাশাপাশি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন ছাড়া আমদানি করা জিনসেং এবং প্রায় এক কেজি উচ্চমূল্যের জাফরান জব্দ করা হয়, যার কোনো বৈধ ক্রয়ের নথিপত্র প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

অন্যদিকে উত্তরায় অবস্থিত মার্গারিটা লাউঞ্জে অভিযান চালিয়ে ৬০৮ লিটার অনুমোদনহীন মদ উদ্ধার করা হয়। এর মধ্যে মাত্র ৩৬ লিটার ছিল দেশীয় উৎপাদিত মদ (কেরু অ্যান্ড কোম্পানি ও হান্টার), তবে সেগুলোর ক্রয়ের নথিপত্রও ছিল সন্দেহজনক। অনুমোদন না থাকায় উদ্ধারকৃত বাকি সব বিদেশি মদ জব্দ করা হয়।

তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে পরিচালিত অভিযানে দেখা যায়, বারটি মূল হোটেলের নামে লাইসেন্সকৃত না হয়ে হাবিব হোটেল নামে পরিচালিত হচ্ছিল। এছাড়া তাদের কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপযুক্ত কোনো অনুমোদনও ছিল না। প্রতিষ্ঠানটির আমদানি, স্থানীয় ক্রয়, বিক্রয় ও মজুতের যাবতীয় তথ্য সফটওয়্যার থেকে সংগ্রহ করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। এই বার থেকে ২৯ লিটার অনুমোদনহীন মদ জব্দ করা হয়।

এনবিআরের ইতিহাসে এটি একটি বিশেষ সমন্বিত অভিযান। শুল্ক ফাঁকি ও অবৈধ মদের কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

source: Asia Post

Back to top button