News

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদ্বার বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে।

আরো পড়ুন

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই রোববার দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে গত এপ্রিলে ভারত সরকার ঢাকায় তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। নতুন দায়িত্ব গ্রহণের জন্য দীনেশ ত্রিবেদী গত ৫ জুন বাংলাদেশে আসেন।

source: Asia Post

Back to top button