‘পাকিস্তান সফর কবে’ প্রশ্নে সাংবাদিকদের কী বললেন প্রধানমন্ত্রী

একটি দিনক্ষণ ঠিক করে পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অধিবেশনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় এ বৈঠক হয়। দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং ‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতি’ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
এশিয়া ওয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখন পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন?
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘আমরা একটি দিনক্ষণ ঠিক করব। আমরা সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
এর আগে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, শাহবাজ শরিফ বাংলাদেশের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বিশ্ব সংস্থাটির লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি পাকিস্তানের সমর্থনের কথা জানান।
তিনি বাংলাদেশের সঙ্গে ‘পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাকিস্তানের দৃঢ় সংকল্প’ পুনর্ব্যক্ত করেন।
শাহবাজ শরিফের কার্যালয় জানায়, তারেক রহমানও একই ‘মনোভাব’ পোষণ করেন এবং ‘সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ’ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, তাঁর সরকার বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। দুই পক্ষ ‘বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ’ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ‘অঙ্গীকার’ করেন।
source: Asia Post





