সংঘাত সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার আহ্বান বাংলাদেশের

অভিযোগ ও বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অভিযোগগুলো সহিংসতায় রূপ নেওয়ার আগেই আমাদের মধ্যস্থতা করতে হবে। এতে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি সবচেয়ে কম থাকে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের তুর্কিশ হাউসে জাতিসংঘের গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশনের ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) সমন্বিত শান্তি প্রতিষ্ঠা সক্ষমতা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
শামা ওবায়েদ বলেন, রাষ্ট্র, আঞ্চলিক সংগঠন, স্থানীয় মধ্যস্থতাকারী ও জাতিসংঘের মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতে হবে। তবে এ ধরনের উদ্যোগে সংশ্লিষ্ট দেশের নিজস্ব নেতৃত্ব ও মালিকানাকে সম্মান জানানো জরুরি।
জাতিসংঘের সংঘাত প্রতিরোধমূলক সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্য প্রয়োজন পূর্বানুমেয় অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়মতো কার্যকর উদ্যোগ।
মধ্যস্থতায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা রাখার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ড ও তুরস্ক যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।
source: Asia Post







