বড়শিতে ধরা বোয়ালটির দাম ১৫ হাজার ৪০০ টাকা

রাজবাড়ীর সদর উপজেলার পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়েছে সাত কেজি ওজনের একটি বড় আকারের বোয়াল মাছ। মাছটি ধাওয়াপাড়া ফেরিঘাটের মাছের আড়তে নিলামে বিক্রি হয়েছে ১৫ হাজার ৪০০ টাকায়।
শনিবার (৮ আগস্ট) সকালে ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী ইউনুচ মণ্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন শিকারি আলী বিশ্বাস।
বড় আকারের বোয়াল মাছটি আড়তে আনার পর ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে যায়। মাছটি দেখতে অনেকে সেখানে ছুটে আসেন। বড় বোয়ালটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নিলামে মাছটির দাম ওঠে প্রতি কেজি দুই হাজার ২০০ টাকা। সাত কেজি ওজনের মাছটি ১৫ হাজার ৪০০ টাকায় কিনে নেন ধাওয়াপাড়া ফেরিঘাটের ব্যবসায়ী শাহজাহান।

মাছ শিকারি আলী বিশ্বাস বলেন, রাতে বড়শি পদ্মা নদীতে ফেলে বসে ছিলাম। মাঝরাতে হঠাৎ বুঝতে পারি, বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে। এরপর অনেক কষ্ট করে বড়শিটি টেনে উপরে তুলে নিয়ে আসি। তখন দেখতে পাই, বড় একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
স্থানীয়রা জানান, বড়শিতে এত বড় বোয়াল মাছ খুব একটা ধরা পড়ে না। বড়শি দিয়ে এ ধরনের বড় মাছ তুলতে বেশ কষ্ট হয়। মাছটি ছুটে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই এমন বড় বোয়াল ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।
মাছটির ক্রেতা ব্যবসায়ী শাহজাহান বলেন, প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মাছটি কিনেছি। কিছু লাভ রেখে মাছটি বিক্রি করার আশা করছি।
source: Asia Post







