News

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন একই ইউনিয়নের সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২)। আহত অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল দুটির আরোহীরা গুরুতর আহত হন।

আরো পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণ মারা যান। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

source: Asia Post

Back to top button