News

‘যা খুশি করুন, আমরা পিছু হটব না’— মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে তাঁদের আন্দোলন চলবে। এ লড়াই থেকে তাঁরা পিছু হটবেন না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’

ভিডিওবার্তায় তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। এ সময় তাদের কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে জানার অভিজ্ঞতাও হয়েছে তাঁর।

রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তাঁর ভাষায়, ‘আমরা তাদের ঘিরে ধরছি।’

বিক্ষোভকারীদের উদ্দেশে কংগ্রেস নেতা বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করলেও আন্দোলনকারীরা পিছিয়ে যাবেন না। তিনি বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’

রাহুল গান্ধীর দাবি, তাদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তাঁরা কাজ চালিয়ে যাবেন।

দেশটির তরুণদের উদ্দেশে তিনি প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁর বক্তব্য, সংবিধানের ওপর যারা আঘাত হেনেছেন, তাঁদের পরাজিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, ভবিষ্যতে যেন আর কখনো তা না ঘটে, তা নিশ্চিত করার কথাও বলেন রাহুল গান্ধী।

source: Rajneete

Back to top button