নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

দীর্ঘদিন ক্যানসারে ভোগে মারা গেছেন নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু। তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে মাতিয়া বানু শুকুকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে তার চিকিৎসা চলছিল।
বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন মাতিয়া বানু শুকু। তার নির্মাণ ও নাট্যরচনায় মধ্যবিত্ত মানুষের জীবন, পারিবারিক টানাপোড়েন এবং সমাজের নানা বাস্তবতা উঠে এসেছে।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’সহ বেশ কয়েকটি টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী।
মরহুমার মরদেহ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
পরে বেলা ১১টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। জুমার নামাজের পর মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।
source: Asia Post








