মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে এপিএস, জানার পর অব্যাহতি

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে অবগত না করে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। বিষয়টি জানার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মন্ত্রী।
এ ছাড়া এপিএসের সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল। এ জন্য ৮ অক্টোবর খাদ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের সই করা একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। নোটিশে রাজধানীর মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।
সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়। যানবাহনের জ্বালানির ব্যবস্থা করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও অনুলিপি পাঠানো হয়। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলের টাঙ্গাইলের নাগরপুরে গুদাম পরিদর্শনের সূচি তুলে ধরে এই অফিস আদেশ জারি করেছিল খাদ্য মন্ত্রণালয়।
সূচিতে উল্লেখ করা হয়, সকাল ৮টায় ঢাকার মোহাম্মদপুর নিজ বাসভবন থেকে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা; সকাল ১১টায় নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপস্থিতি; সকাল ১১টা ১৫ মিনিটে নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন; দুপুর ২টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে ঢাকার মোহাম্মদপুর নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা।
বিকাল ৫টা ৩০ মিনিটে মোহাম্মদপুর নিজ বাসভবনে উপস্থিতি এবং যাত্রার সমাপ্তি।
এপিএস আবদুল আওয়ালের বিরুদ্ধে আনা এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তাকে না জানিয়ে গুদাম পরিদর্শনের কারণে আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
source: Asia Post







