News

রাজনৈতিতে অশালীন ভাষাচর্চা পরিহারের আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর

রাজনীতি ও সংস্কৃতি থেকে কুরুচিপূর্ণ এবং অশালীন চর্চা দূর করে পরিশীলিত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, বিগত বছরগুলোর নানা সংকটের কারণে রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থা কাটিয়ে জাতি, ধর্ম ও গোষ্ঠী নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে।

সোমবার (৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত ‌‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের আয়োজনে দিনব্যাপী নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা বজায় রাখা এবং অশালীন ভাষাচর্চা পরিহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অন্যথায় দেশের ভাবমূর্তি ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতি গঠন এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পুরান ঢাকার ঐতিহ্যকে কেন্দ্র করে একটি শক্তিশালী সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।

নাদিয়া পাঠান পাপন বলেন, আবৃত্তি কেবল শুদ্ধচর্চার বিষয় নয়; এটি মানুষের আবেগ, অনুভূতি ও প্রতিবাদী চেতনাকে জাগ্রত করে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শুধু কর্মক্ষেত্রের উপযোগী নয়, সামাজিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতেও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জবি আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল। সংগঠনের প্রতিষ্ঠা ও কার্যক্রমের প্রেক্ষাপট তুলে ধরেন সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ফরিদ।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদারকে ‘কবি সম্মাননা জবিয়ান পদক’ এবং বরেণ্য আবৃত্তিশিল্পী মুন্সী মো. রেজাউল হোসেইন টিটোকে ‘আবৃত্তিশিল্পী সম্মাননা জবিয়ান পদক’ দেওয়া হয়।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত আন্তঃবিভাগ আবৃত্তি প্রতিযোগিতায় এইচ এম ফাহিম চ্যাম্পিয়ন হন। এ ছাড়া আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খিজির ফাইয়াজের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি আবৃত্তি সংসদের সভাপতি আবিদুল হক রাহাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মারুফা আক্তার লিজা।

বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদি হাসান হিমেল এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেত।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক বিশ্ববিদ্যালয় ঘোষণার স্মারক ফলকের সামনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সম্মাননা পদক প্রদর্শন করেন।

source: Asia Post

Back to top button