জলবায়ু সংকটের বিশ্বমঞ্চে বাংলাদেশের দাবি, পাটে পরিবেশবান্ধব ভবিষ্যতের বার্তা

একদিকে পৃথিবীকে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে রক্ষার অঙ্গীকার, অন্যদিকে নতুন তেলক্ষেত্র আবিষ্কারের উল্লাস। এই আপাতবিরোধী বাস্তবতার মধ্যেই তুরস্কের আনাতোলিয়ায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনের দ্বিতীয় দিনেই আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাবার পাহাড়ে নতুন দুটি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।
তার দাবি, নতুন ক্ষেত্র দুটিতে সম্ভাব্য তেলের মজুত ১৩ কোটি ৫০ লাখ ব্যারেল। উৎপাদন বাড়ানোর এই ঘোষণা জলবায়ু সম্মেলনের মূল দর্শন নিয়েই নতুন প্রশ্ন তুলেছে। যখন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছেন, তখন তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন সম্প্রসারণের প্রতিযোগিতা থামছে না।
এই বৈশ্বিক বিতর্কের মধ্যেই আনাতোলিয়ায় বাংলাদেশের উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা হয়েছে। আগামী ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অবস্থান তুলে ধরবেন তিনি।
জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্যাশা। অন্যদিকে সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন তুলে ধরছে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা। জলবায়ু পরিবর্তনে দায় সামান্য, অথচ ক্ষতির বোঝা বিপুল, এই বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই বাংলাদেশের কূটনৈতিক লড়াইয়ের অন্যতম লক্ষ্য।
সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, খাদ্যনিরাপত্তা, নিরাপদ পানি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। এবারের সম্মেলনকে বাস্তবায়নের সম্মেলন হিসেবে ঘোষণা করেছে আয়োজক তুরস্ক। তবে প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান ঘোচানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্ক, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের আহ্বান
তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর দ্বিতীয় দিনে বিশ্বজুড়ে জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ১০ নভেম্বরের নির্ধারিত মূল প্রতিপাদ্য ছিল ‘এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্ট’ বা জ্বালানি ও পরিবহন। জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি ব্যবহারের দক্ষতা এবং টেকসই পরিবহন নিয়ে দিনজুড়ে বিভিন্ন অধিবেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় দিনে প্রায় ৩৭০টি অধিবেশন ও আলোচনার মধ্যে প্রায় ১৪০টি অধিবেশন জ্বালানি ও পরিবহনবিষয়ক। ব্লু জোনে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা করেন। অন্যদিকে গ্রিন জোনে পরিচ্ছন্ন পরিবহন, বৈদ্যুতিক যানবাহন, জ্বালানি বিনিয়োগ ও শিল্পের কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে ছিল আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের সবুজ জ্বালানি সহযোগিতা নিয়ে চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠক। এই অংশীদারত্বের লক্ষ্য হচ্ছে আন্তদেশীয় বিদ্যুৎ সংযোগ ও নবায়নযোগ্য জ্বালানির বাণিজ্য সম্প্রসারণ। ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার পুনর্গঠন ও কার্বনমুক্ত জ্বালানি রূপান্তর নিয়েও আলোচনা হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিষয়গুলোর একটি ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নতুন দুটি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা। ৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান জানান, গাবার পাহাড়ি অঞ্চলে নতুন দুটি তেলক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। গাজিলার ও চারদাকলি নামের ক্ষেত্র দুটিতে প্রাথমিকভাবে ১৩ কোটি ৫০ লাখ ব্যারেল তেলের সম্ভাব্য মজুত রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, অক্টোবর থেকেই ক্ষেত্র দুটিতে উৎপাদন শুরু হয়েছে।
এরদোয়ান আরও জানান, নতুন ক্ষেত্র এবং অতিরিক্ত কূপ চালু হলে গাবার অঞ্চলের তেল উৎপাদন প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে। তুরস্কের জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন।
কিন্তু জলবায়ু সম্মেলনের আয়োজক দেশের এমন ঘোষণা আন্তর্জাতিক জলবায়ু রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত কার্বন ডাই-অক্সাইড বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি সীমিত রাখতে হলে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা দ্রুত কমাতে হবে।
তুরস্কের এই অবস্থানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও নরওয়ের সাম্প্রতিক জ্বালানি সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া একটি সমুদ্র উপকূলীয় গ্যাসক্ষেত্রে পুনরায় উৎপাদন শুরুর অনুমতি দিয়েছে। যুক্তরাজ্য জ্যাকডাও গ্যাসক্ষেত্রের কাজ এগিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে। নরওয়েও উত্তর সাগরে নতুন তেল ও গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। ফলে জলবায়ু সম্মেলনে একদিকে নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প সম্প্রসারণের প্রবণতা, এই দ্বৈত বাস্তবতা আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
গুতেরেসের আহ্বান: জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার রোডম্যাপ চাই
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসার বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তুরস্ক ও অস্ট্রেলিয়াকে ব্রাজিলের প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানি রূপান্তরের রোডম্যাপ এগিয়ে নিতে সহযোগিতা করার আহ্বান জানান। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানির দিকে বৈশ্বিক অর্থনীতিকে এগিয়ে নেওয়া। গুতেরেসের বক্তব্যের মূল তাৎপর্য হচ্ছে, শুধু নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ঘোষণা যথেষ্ট নয়। একই সঙ্গে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনাও থাকতে হবে
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, শক্তিশালী অর্থনৈতিক স্বার্থগোষ্ঠীর সামনে বৈজ্ঞানিক সত্য তুলে ধরতে বিশ্বনেতাদের সাহসী হতে হবে। তাঁর মতে, পরিচ্ছন্ন বিদ্যুৎ এখন জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুতের তুলনায় সস্তা। তাই পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের পক্ষে অর্থনৈতিক যুক্তিও প্রতিষ্ঠিত হয়েছে। কেরির বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
কার্বন নিঃসরণে সামান্য হ্রাস, কিন্তু স্বস্তির সুযোগ নেই
সম্মেলনে বৈশ্বিক কার্বন নিঃসরণের পূর্বাভাস নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণ আগের বছরের তুলনায় প্রায় ০.৪ শতাংশ কমতে পারে। তবে এই সামান্য হ্রাসকে বড় সাফল্য হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। বন উজাড় ও ভূমি ব্যবহারের পরিবর্তনের কারণে সৃষ্ট নিঃসরণ পরিস্থিতিকে আরও জটিল করছে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত না বাড়লে নিঃসরণ হ্রাসের এই প্রবণতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সম্মেলনে মালদ্বীপের তরুণ জলবায়ু কর্মী ইয়ানিয়া হুসেইন ইশানও তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্বের সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উঠে এসেছে।
আনাতোলিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সন্ধ্যায় এরদোয়ানের সঙ্গে বৈঠক
কপ-৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনাতোলিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারি সফরসঙ্গীরা। মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর আনাতোলিয়ায় পৌঁছায়।
প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনাতোলিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় আলোচনায় হয়েছে।
পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের জন্য এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। তুরস্ক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, শিল্পায়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে নতুন সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেবেন। ১২ নভেম্বর একটি পূর্ণাঙ্গ অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলার অভিজ্ঞতা, জলবায়ু ন্যায্যতা, অভিযোজনের অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তার হিসাব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে উন্নত দেশগুলোর সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করার চেষ্টা করবে ঢাকা। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা তৈরিতে বাংলাদেশের অর্জন এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রী সফরের সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ প্যাভিলিয়ন: বিশ্বমঞ্চে পাটের পরিবেশবান্ধব সম্ভাবনা
কপ-৩১-এ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে গ্রিন জোনে বিশেষ পাট প্যাভিলিয়ন স্থাপন। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পাটশিল্পের ঐতিহ্য, বহুমুখী ব্যবহার এবং পরিবেশ সুরক্ষায় পাটের ভূমিকা তুলে ধরা হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার এখন বৈশ্বিক পরিবেশ আন্দোলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পাট প্রাকৃতিক, পচনশীল এবং পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় প্লাস্টিক দূষণ কমাতে এর সম্ভাবনা রয়েছে।
পাটের ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহস্থালি পণ্য এবং বিভিন্ন শিল্পে ব্যবহারের উপযোগিতা তুলে ধরার মাধ্যমে বাংলাদেশ নতুন বাজার তৈরির চেষ্টা করছে। এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং বাজার সম্প্রসারণ নিয়ে যৌথ ঘোষণা স্বাক্ষরের সম্ভাবনা। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের পাটশিল্পের জন্য তুরস্কসহ ইউরোপের বাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।
source: Asia Post







