হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৬ জন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট ও চট্টগ্রামে একজন করে মারা গেছে। একই সময়ে ৭৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২০১ জন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে।
source: Asia Post







