ঘর থেকে আদিবাসী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে পিটার জোসেফ তপ্ন (৩০) নামে এক আদিবাসী যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর (নিকেশ্বর) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিটার জোসেফ তপ্ন ওই এলাকার মৃত ডেভিড তপ্নের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের মা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় চাকরি করায় পিটার জোসেফ তপ্ন বাড়িতে একাই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় তার মা বাড়িতে ফিরে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে, ঘটনার কয়েক দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
source: Asia Post







