News

পিছু হটছে না ‘ককরোচরা’, রোববার যন্তর মন্তরে ফের কর্মসূচি ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও দুই নেতাকে আটকের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপির নেতা অজিঙ্ক শিন্ডে।

রোববার (১১ অক্টোবর) যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করে সেখানে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন শিন্ডে। সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মোদি সরকার ভয় পাচ্ছে। আমরা আবার একজোট হলে তাদের ক্ষমতার গদি টলে যেতে পারে।’

‘কিন্তু আমরা পিছু হটছি না! আগামীকাল আবার যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করব। আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করব,’ লেখেন শিন্ডে। পোস্টের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেছেন তিনি।

নেতাদের আটকের পরও আন্দোলন চালানোর ঘোষণা

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহার এবং নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।

তবে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সম্ভাব্য বড় জমায়েত ও বিশৃঙ্খলা এড়াতে শুক্রবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়। বসানো হয় একাধিক ব্যারিকেড।

শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।

তাদের আটকের আগেই একটি ভিডিও বার্তা রেকর্ড করেছিলেন অভিজিৎ দীপকে। পরে দলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে তিনি জানান, তাকে ও অন্য দুই নেতাকে আটক করা হলে অজিঙ্ক শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন। একই সঙ্গে, নেতাদের আটক হতে দেখে বিক্ষোভকারীদের কর্মসূচি ছেড়ে চলে না যাওয়ার আহ্বান জানান তিনি।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা

দলের শীর্ষ নেতাদের আটকের পর তাদের অনুপস্থিতিতে কর্মসূচি পরিচালনার দায়িত্ব নিয়েছেন সাংগঠনিক দায়িত্বে থাকা অজিঙ্ক শিন্ডে। সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নেতাদের আটক করা হলেও আন্দোলন অব্যাহত থাকবে।

দলটির দাবি, গণতান্ত্রিক প্রতিবাদ দমনে ব্যাপক ধরপাকড় চালানো হলে গণতন্ত্র রক্ষার দায়িত্ব জনগণকেই নিতে হবে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।

source: Rajneete

Back to top button