মেহেরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, এক রাতেই আটক ৪৬

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতেই ৪৬ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর মধ্যে মেহেরপুর সদর থানা ৪৩ ও গাংনী থানা পুলিশ তিনজনকে আটক করে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে আটক মোট ৪৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এর মধ্যে ২৩ জন অপ্রাপ্তবয়স্ককে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখানো হয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনলাইন জুয়ার বিরুদ্ধেও জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চলবে। রাতের অভিযানে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।
এর মধ্যে মেহেরপুর সদর থানায় ৪৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ২০ জনকে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩ জনকে আটক দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
অন্যদিকে, গাংনী থানা পুলিশ তিনজন অপ্রাপ্তবয়স্ক সন্দেহভাজনকে আটক করে। পরে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
তবে মুজিবনগর উপজেলায় বৃহস্পতিবার রাতে কাউকে আটক করা হয়নি। মুজিবনগর থানার ওসি (তদন্ত) সেলিম জাহাঙ্গীর জানান, চলতি মাসের শুরু থেকেই উপজেলায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পারসন জামিনুর রহমান খান বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি মেহেরপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী কিশোর গ্যাং, মাদক এবং অনলাইন জুয়াবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের তাদের অভিভাবকের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হচ্ছে। তবে মাদকসহ যারা আটক হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে। এখন থেকে প্রতিনিয়ত এই অভিযান চলমান থাকবে।
source: Asia Post







