সাভার থেকে পদযাত্রা করে শুক্রবার শাহবাগে পৌঁছাবে ইনকিলাব মঞ্চ

রাজধানীর শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে শুক্রবার (২৩ অক্টোবর) পথসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ডাকা তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’র অংশ হিসেবে এ কর্মসূচে নেওয়া হয়েছে।
এ দিন সাভার থেকে পদযাত্রা শুরু করে বিকেল সাড়ে ৪টায় শাহবাগ পৌঁছাবে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। ‘মার্চ ফর ইনসাফ’র নেতৃত্বে আছেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনীম জুমা এশিযা পোস্টকে জানিয়েছেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাদের এই সংগ্রাম। ইনকিলাব মঞ্চ বিশ্বাস করে, ইনসাফ ও আজাদীর যে স্বপ্ন নিয়ে শহীদ ওসমান হাদি লড়াই করে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে ‘মার্চ ফর ইনসাফ’ আয়োজনে দেশের কয়েকটি জেলা ও বিভাগের পর বৃহস্পতিবার ঢাকার ধামরাইয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, বৈষম্য বা বিচারের নামে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও সব গণহত্যার চূড়ান্ত বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ন্যায়বিচার ও তিন দফা দাবি বাস্তবায়ন না করা হলে আগামী দিনে দেশের সর্বস্তরের সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
source: Asia Post







