News

বিএল কলেজ হবে মেধা-আদর্শের ক্যাম্পাস, শিক্ষকদের অমর্যাদা নয়: হুইপ বকুল

দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজলাল (বিএল) কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। একই সঙ্গে ক্যাম্পাসে হানাহানি, সংঘাত ও বিভেদ পরিহার করে মেধা ও আদর্শভিত্তিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শিক্ষকদের কোনো ধরনের অমর্যাদা বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ (খুলনা বিভাগ)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক আয়োজনে এবং বিএল কলেজের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বকুল বলেন, এই ক্যাম্পাস হবে সবার। এখানে মেধা ও আদর্শের রাজনীতি থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে; কিন্তু কোনো হানাহানি, সংঘাত বা বিভেদের স্থান এখানে হবে না। সবচেয়ে বড় কথা, শিক্ষকদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা বা অসম্মান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের অমর্যাদা করার দিন শেষ।

তিনি বলেন, রাস্তায় শিক্ষকদের দেখলে সম্মান দেখিয়ে পথ ছেড়ে দেওয়াই একজন প্রকৃত শিক্ষার্থীর নৈতিকতা। শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে হুইপ বলেন, বর্তমান বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ। এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গতানুগতিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এ সময় বিএল কলেজে প্রফেশনাল এমবিএ, বিবিএ, সিএসই, আইন, হিউম্যান রিসোর্স ও হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো যুগোপযোগী বিষয় চালুর উদ্যোগ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি অনুরোধ জানান তিনি।

বিএল কলেজের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, এ কলেজের একটি গৌরবোজ্জ্বল ক্রীড়া ঐতিহ্য রয়েছে। এখান থেকে একসময় জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে সেই সোনালি অতীত আবারও ফিরে আসবে।

এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহন সংকট নিরসন এবং হোস্টেল, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরিসহ অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে বিএল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

তিন দিনব্যাপী ক্রীড়া উদ্‌যাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং খুলনা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন।

source: Asia Post

Back to top button