আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর আসন্ন নির্বাচনে এক প্যানেলের সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ‘সচেতন প্রকৌশলী সমাজ’ নামের প্যানেলটির নেতৃত্বে ছিলেন প্রকৌশলী সাদে উদ্দিন আহমেদ সোহেল।
আইইবির ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। আগামী ১২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
যাচাই-বাছাই শেষে গত ১৭ সেপ্টেম্বর অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে আইইবি নির্বাচন কমিশন। এতে সভাপতি প্রার্থী প্রকৌশলী সাদে উদ্দিন আহমেদ সোহেল এবং সাধারণ সম্পাদক প্রার্থী প্রকৌশলী কাজী খায়রুল বাশারের নামও রয়েছে। পাশাপাশি তাদের প্যানেলের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের সবাই আওয়ামীপন্থি হিসেবে পরিচিত। মূলত এ কারণেই ভোটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না তারা।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন হাবিব আহমেদ হালিম মুরাদ, শেখ মুনির আহমেদ, আবদুল আলীম, মেজবাহউজ্জামান চন্দন, মনিরুজ্জামান, মনির উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, নাঈম আহমেদ প্রমুখ।
মনোনয়নপত্র বাতিলের কারণ সম্পর্কে প্রকৌশলী কাজী খায়রুল বাশার অভিযোগ করেন, সরকারি বিধির কথা বলে বেছে বেছে প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি কোন বিধির কথা বলা হচ্ছে তা বোধগম্য নয়।
এই ঘটনাকে ‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের উদ্যোগ বলে দাবি করছেন মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা। তাদের অভিযোগ, আইইবির মতো একটি একটি পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচন নিরপেক্ষ হওয়া জরুরি হলেও তা হচ্ছে না।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার সেলিম ভুঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইশতিয়াক জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি বলেন, ‘কর্মব্যস্ততার কারণে একদমই সময় দিতে পারছি না। কোনো মিটিংয়েও অ্যাটেন্ড করতে পারিনি। সময় দিতে না পারায় শিগগিরই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
আরেক নির্বাচন কমিশনার জাফর সাদিক সরকারি আইনের ব্যাখা দিয়ে বলেন, ‘নির্বাচনে কারা অংশ নিতে পারবে, কারা পারবে না; এ ব্যাপারে সরকারের একটা সার্কুলার আছে। জাতীয় নির্বাচনেও এ রকম একটা ল ইমপ্লিমেন্টেশন হয়েছে। সেখানে বলা আছে, কোন জিনিসগুলোতে ইনভলভ থাকলে প্রার্থী অযোগ্য হবে। জাতীয় নির্বাচনের ওই আইনই এখানে ব্যবহার করা হয়েছে।
source: Asia Post






