সাতক্ষীরায় ডেইরি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

সাতক্ষীরার তালায় রবীন ঘোষ (৫৫) নামে এক ডেইরি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রবীন ঘোষ তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়।
আহতের ছেলে পার্থ ঘোষ বলেন, একই গ্রামের লিটন শেখ (২২) তার বাবার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় তার বাবার পথরোধ করেন লিটন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে জখম করা হয়। পরে তার কাছে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন পার্থ ঘোষ।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
source: Asia Post







