দিনাজপুরে নদীতে গোসলে নেমে কিশোরীর মৃত্যু, নিখোঁজ আরেকজন

দিনাজপুর সদর উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে সর্মি (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃষ্টি (১৩) নামের আরেক কিশোরী এখনো নিখোঁজ রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সুন্দরবন গ্রামের গোস্টের ডাঙ্গা ঘাটে এ ঘটনা ঘটে। সর্মি ও বৃষ্টি দুজনই উপজেলার হাড়গাঁও গ্রামের ঝাড়ুয়াপাড়ার বাসিন্দা। সর্মি সফিউলের এবং বৃষ্টি বাবলুর মেয়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ২টার দিকে পাঁচজন মিলে আত্রাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের একজন স্রোতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করে আরেকজন। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়।
সঙ্গে থাকা অন্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে সর্মির মরদেহ উদ্ধার করা হয়। তবে রাত পর্যন্ত বৃষ্টির সন্ধান পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘পাঁচজন একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। সর্মির মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্য কিশোরী এখনো নিখোঁজ।’
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন শরিফ জানান, দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় রংপুর থেকে একটি ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার সকালে নিখোঁজ কিশোরীর সন্ধানে অভিযান শুরু হবে।
source: Asia Post







