News

সাইনবোর্ডে মধ্যরাতে অনাবিল বাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত।

বাসমালিকের দাবি, একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Advertisement

প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, রাতে একটি অটোরিকশা থেকে ৩-৪ জন লোক এসে পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন। এ সময় বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বাসের মালিক রাসেল বলেন, তার স্টাফরা বাসটি রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিনি জানতে পেরেছেন, একটি অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা এশিয়া পোস্টকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ১২টা ২০ মিনিটে খবর পাওয়ার পর সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখতে পেয়ে সেখানে এগিয়ে যান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

তিনি আরও বলেন, বর্তমানে বাসটি ঘটনাস্থলেই রয়েছে। বাসের মালিক আগামীকাল সকালে থানায় আসবেন। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

source: Asia Post

Back to top button