News

শরীয়তপুরে ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী অরাজকতা সৃষ্টি ও সরকারবিরোধী কার্যক্রমের প্রতিবাদে শরীয়তপুরে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারবিরোধী কর্মকাণ্ডের নামে কেউ জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় মিছিল থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সরকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যথায় তাদের কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন ছাত্রদলের নেতারা।

মিছিলে জেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল তালুকদারসহ জেলা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল জুড়ে তারা নিষিদ্ধ সংগঠনের অরাজকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির বলেন, ‘আমরা দেখছি, শরীয়তপুর তথা সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নানাভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ ছাড়া তারা বিভিন্ন সময়ে সরকারবিরোধী কার্যক্রমে অংশ নিচ্ছে। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এ ধরনের কোনো কার্যক্রম ছাত্রদল বরদাশত করবে না। তারা যদি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে তাদের আমরা শক্ত হাতে দমন করব।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু এখনো নিষিদ্ধ, তাই তারা কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। যদি তারা আইনিভাবে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আসতে পারে, তাহলে তারা সব ধরনের কার্যক্রম করবে।’

source: Asia Post

Back to top button