News

রোহিঙ্গাদের নির্মূল করার উদ্দেশ্য ছিল মিয়ানমারের: আইসিজে প্রেসিডেন্ট

মিয়ানমারের সামরিক বাহিনীর ২০১৬-১৭ সালের অভিযানের উদ্দেশ্য শুধু রোহিঙ্গাদের শাস্তি দেওয়া বা বাস্তুচ্যুত করা ছিল না, বরং জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করাও ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। আদালত বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার পেছনে গণহত্যার অভিপ্রায় ছাড়া অন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এ পর্যবেক্ষণ তুলে ধরেন।

রায়ে বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডের ব্যাপ্তি, ধরন ও ব্যবহৃত পদ্ধতি রোহিঙ্গাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় মাত্রাকে ছাড়িয়ে গেছে। বরং এসব কর্মকাণ্ডের বৈশিষ্ট্য একটি জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আদালতের ভাষ্য, সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো— দেশটির উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য।

বিচারকরা আরও বলেন, আদালত সম্পূর্ণভাবে নিশ্চিত যে মিয়ানমার গণহত্যা সনদের আওতায় পড়ে— এমন কর্মকাণ্ড সংঘটিত করেছে। এসব কর্মকাণ্ডের পেছনে দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল।

মিয়ানমারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ২০১৬-১৭ সালের সামরিক অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। তবে আদালত সেই ব্যাখ্যা গ্রহণ করেননি। বিচারকদের মতে, অভিযানের মাত্রা ও নৃশংসতা কেবল সন্ত্রাসবিরোধী কার্যক্রম বা রোহিঙ্গাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্য দিয়ে ব্যাখ্যা করা যায় না।

রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে। এসব অপরাধের মধ্যে গণহত্যার অন্তত চার ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে আদালত।

গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে ১৫ বিচারকের আদালত ৯-৬ ভোটে রায় দেন। ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলায় এ প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আইসিজে। রায়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন এবং তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিকল্প ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র: গার্ডিয়ান, রয়টার্স

source: Rajneete

Back to top button