অর্থনীতিআর্থিক প্রতিষ্ঠানআলাপচারিতাযুক্তি-তর্ক

বাজারে শৃঙ্খলা ফেরাতে নৈতিকতা ও পেশাদারত্ব জরুরি

ড. শরিফুল ইসলাম দুলু। বিপণন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, নীতি পরামর্শক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি মার্কটেল কনসাল্টিং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি)-এর মহাসচিব। দেশের বাজার ব্যবস্থাপনা, কৃষিপণ্যের মূল্য ও বিপণন, ভোক্তা অধিকার, ব্যবসায়িক নৈতিকতা, বিপণন পেশাজীবীদের দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিবেদক।

প্রশ্ন: সম্প্রতি আপনারা মার্কেটিং পেশাজীবীদের নিয়ে কাজ করছেন। দেশের বাজারব্যবস্থা ও বিপণন খাতের উন্নয়নে আপনাদের উদ্যোগ কী?

ড. শরিফুল ইসলাম দুলু: একটি বাজারের সক্ষমতা নির্ভর করে দক্ষ জনবলের ওপর। দক্ষ জনবল ৪০ বা ৪৫ শতাংশ হলেও উৎপাদনশীলতা বেশি হতে পারে। পাশাপাশি আমরা সুশাসনের ওপর গুরুত্ব দিচ্ছি। চতুর্থ শিল্পবিপ্লব ও বিশ্বায়নের এই যুগে উন্নত ও মধ্যম উন্নত দেশগুলোর বাজারের আচরণ, ধরন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে সেগুলো আমাদের বাজারে প্রয়োগ করতে চাই।

বাংলাদেশের বড় মানবসম্পদ রয়েছে। জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ তরুণ। এই জনমিতিক সুবিধাকে আমরা শিল্পের শক্তি হিসেবে দেখি। এ লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে যাঁরা বিপণন পেশাজীবী হিসেবে আসবেন, তাঁরা যেন শিল্পখাতকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার সক্ষমতা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, সে জন্য শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। এই ব্যবধান কমাতে উদ্যোগ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো হচ্ছে, তা সব সময় বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে সরকারের অনেক নীতিতেও পরিবর্তন ও নতুন নীতি গ্রহণের প্রয়োজন রয়েছে।

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ বাজারে প্রতিযোগিতামূলক সংস্কৃতি ও উন্নত সেবাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকেরা একসঙ্গে বসে কার্যকর পরিবেশ তৈরি করতে পারলে বাংলাদেশের বাজারব্যবস্থা ও সংস্কৃতি আরও উন্নত হবে। আমরা ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছি।

প্রশ্ন: দেশের পণ্যের মান, মূল্য নির্ধারণ ও বাজারের স্বচ্ছতা নিয়ে নানা সমস্যা রয়েছে। বিশেষ করে কৃষিপণ্যের মূল্য নির্ধারণে নীতিনির্ধারক ও বিপণন খাতের যৌথ ভূমিকা কী হওয়া উচিত? দেশের সামগ্রিক বাজারব্যবস্থার কাঠামো কেমন হওয়া প্রয়োজন?

ড. শরিফুল ইসলাম দুলু: প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ। সমাজে মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটলে সংশ্লিষ্ট সব ক্ষেত্রেই ধস নামে। বাংলাদেশেও তা ঘটেছে। বিভিন্ন শিল্পের মধ্যে কৃষি খাত সবচেয়ে বেশি অস্থিতিশীল। তবে কৃষকদের উৎপাদনক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। তাঁদের অভিজ্ঞতা, মাঠপর্যায়ের কাজ ও নিজস্ব চিন্তাভাবনায় এখন বাংলাদেশে আরব, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের ফলও উৎপাদিত হচ্ছে।

ধান উৎপাদনেও বড় বিপ্লব ঘটেছে। গত ৫০ বছরে আবাদযোগ্য জমি ২৬ থেকে ৩০ শতাংশ কমলেও জনসংখ্যা বেড়ে প্রায় ২০ কোটি হয়েছে। ফলে খাদ্যের চাহিদাও বেড়েছে। বাজারব্যবস্থায় অবকাঠামো ও পণ্যের মূল্য নির্ধারণ গুরুত্বপূর্ণ। ঈশ্বরদীতে যে সবজি ১০ টাকা কেজি, ধানমন্ডিতে তা কিনতে হয় ৫০ টাকা কেজি দরে।

প্রশ্ন: উৎপাদনস্থল ও ভোক্তার বাজারে দামের এত ব্যবধান কেন?

ড. শরিফুল ইসলাম দুলু: বাজারের এই ব্যবধান কমাতে দীর্ঘদিন ধরে সরবরাহব্যবস্থাপনা নিয়ে কাজ হলেও প্রয়োজনীয় সংস্কৃতি গড়ে ওঠেনি। ঐতিহ্যগত বাজারব্যবস্থা থেকে ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু মধ্যস্বত্বভোগীদের প্রভাব পুরোপুরি কমানো যায়নি।

আরেকটি বড় সমস্যা অবকাঠামো। উত্তরবঙ্গের সবজি চট্টগ্রাম বা কক্সবাজারে নিতে পরিবহন খরচ বেশি। পচনশীল পণ্য সংরক্ষণেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। সরকার ৬৪ জেলায় ৬৪টি সংরক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে শুনেছি। তবে শুধু সংরক্ষণকেন্দ্র নয়, কৃষিপণ্য পরিবহনে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে। পণ্য বাজারে নামানোর জায়গাগুলোও কৃষিবান্ধব করতে হবে। এতে উৎপাদনস্থল থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর খরচ কমবে।

মোবাইল ফোনের মাধ্যমে এখন কৃষক ঘরে বসেই বিভিন্ন বাজারের দাম জানতে পারছেন। তথ্যের সহজলভ্যতায় ব্যবধান কমেছে। তবে বাজারব্যবস্থার উন্নয়নে আরও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

দ্বিতীয় বিষয় হলো পণ্যের মূল্য নির্ধারণ। এখানে মধ্যস্বত্বভোগীদের পাশাপাশি নৈতিকতার বিষয়ও জড়িত। ব্যবসা করা বৈধ, মুনাফাও করা যাবে; কিন্তু মুনাফার নামে প্রতারণা গ্রহণযোগ্য নয়। আমি দেখেছি, ১১০ টাকায় কেনা পণ্য কেউ ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করছেন। কেউ কারওয়ান বাজার থেকে তেল কিনে বোতলে ভরে অর্গানিক পণ্য হিসেবে বিক্রি করছেন। এ ধরনের প্রবণতার কারণে করোনার সময় ই-কমার্স খাতে তৈরি হওয়া উচ্চ প্রবৃদ্ধিও টেকসই হয়নি।

বাজারে স্বচ্ছতা ফেরাতে দুটি বিষয়ে কাজ করতে হবে। প্রথমত, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হবে। দ্বিতীয়ত, প্রতারণা, অসততা ও খাদ্যে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর হতে হবে।

দেখবেন, একজন মানুষ প্রতারণা করছেন, আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ছেন। গ্রামের একজন সাধারণ মানুষ কাঁঠাল পেড়ে রাসায়নিক দিয়ে চুবিয়ে এক দিনের মধ্যে পাকিয়ে বাজারে বিক্রি করছেন। এটি যে অন্যায়, সেই বোধ অনেক সময় তাঁর মধ্যে কাজ করছে না। নামাজ পড়ে এসেও তিনি এমন কাজ করছেন, কিন্তু তাঁর বিবেককে তা নাড়া দিচ্ছে না। এর পেছনে সামাজিক চর্চা ও সংস্কৃতির বিষয় রয়েছে।

প্রশ্ন: আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের বড় সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের বিপণন বাড়াতে কী করা উচিত?

ড. শরিফুল ইসলাম দুলু: দেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে অভ্যন্তরীণ চাহিদা, আন্তর্জাতিক মান, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। অভ্যন্তরীণ ভোগ বেড়ে যাওয়ায় এখন প্রচুর ফল ও খাদ্যপণ্য আমদানি করতে হয়। একসময় চাল রপ্তানির দিকে এগোলেও চাহিদা বাড়ায় তা সম্ভব হচ্ছে না।

কাঁঠাল, আম ও আনারসের মতো ফল রপ্তানির সম্ভাবনা রয়েছে। তবে এখনো রপ্তানির পরিমাণ সীমিত। আন্তর্জাতিক বাজারে এসব পণ্য পাঠাতে নির্দিষ্ট মান ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মালয়েশিয়া, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বাজারের চাহিদা অনুযায়ী পণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করার ব্যবস্থা প্রয়োজন।

মৌসুমি ফল দুই-তিন মাসের পরিবর্তে সারা বছর বাজারজাত করা সম্ভব হলে বড় সম্ভাবনা তৈরি হবে। যেমন, আনারস প্রক্রিয়াজাত করে জুস তৈরি ও রপ্তানি করা যেতে পারে। এ জন্য ভোক্তার চাহিদা বিবেচনায় নিয়ে উৎপাদন ও বাজারজাতকরণের পরিকল্পনা করতে হবে।

মৌসুমে খাগড়াছড়ি ও ময়মনসিংহ অঞ্চলে অনেক ফল সংরক্ষণের অভাবে পচে যায়। কৃষির আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের সংরক্ষণ অবকাঠামো গড়ে তুলতে হবে। উৎপাদিত ফলের অর্ধেকও বিদেশে পাঠানো সম্ভব হলে দেশে বড় প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠতে পারে।

তবে রপ্তানির পরিকল্পনায় অভ্যন্তরীণ চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। একসময় বাংলাদেশ চা রপ্তানি করত। ব্রিটিশরা রপ্তানির উদ্দেশ্যেই অনেক চা-বাগান তৈরি করেছিলেন। কিন্তু অভ্যন্তরীণ ভোগ বেড়ে যাওয়ায় এখন অনেক সময় চা আমদানি করতে হয়। আগে মানুষ সকালে এক কাপ চা পান করলেও এখন অনেকে দিনে ১০ থেকে ১২ কাপ পান করেন। তাই মানুষের ভোগের ধরন ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় নিয়েই উৎপাদন ও রপ্তানির পরিকল্পনা করতে হবে।

প্রশ্ন: মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) বিপণন পেশাজীবী, করপোরেট প্রতিষ্ঠান, একাডেমিশিয়ান ও ব্যবসায়ীদের একত্র করতে কীভাবে কাজ করছে?

ড. শরিফুল ইসলাম দুলু: আমাদের এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য বাংলাদেশের বাজারব্যবস্থাকে কাঠামোগতভাবে আরও গতিশীল ও পেশাদার করা। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

প্রথমত, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একাডেমিশিয়ানরা গবেষণাভিত্তিক কাজ করবেন এবং শিক্ষার্থীদের শিল্পের চাহিদা অনুযায়ী গড়ে তুলবেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি এবং সুশাসন নিয়ে কাজ করছি।

সরকারের সঙ্গে কাজ করে বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগগুলো চিহ্নিত করতে চাই। বাজারের প্রকৃত সমস্যা তুলে ধরে নীতিগত আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে চাই। অনেক সময় রোগ সঠিকভাবে শনাক্ত না করেই ২০টি ওষুধ দেওয়া হয়, অথচ রোগ যথাযথভাবে চিহ্নিত করতে পারলে একটি ওষুধই যথেষ্ট হতে পারে। আমরাও বাজারের সমস্যাগুলো সেভাবে চিহ্নিত করে প্রকৃত সমাধান করতে চাই। পুরো বাজারব্যবস্থাকে ভোক্তামুখী করার প্রত্যয় নিয়ে কাজ করছি।

একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি তাঁদের ভালো থাকার বিষয়টিও গুরুত্ব দিচ্ছি। শুধু দক্ষতা থাকলেই হবে না, কাজের মধ্যে আনন্দও থাকতে হবে। বিপণন ও বিক্রয় খাতের কর্মীরা অনেক চাপ ও চ্যালেঞ্জের মধ্যে কাজ করেন। তাই তাঁদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে আনন্দ ও ভালো থাকার পরিবেশ তৈরি করাও জরুরি।

প্রশ্ন: আপনি বারবার নৈতিক মানদণ্ডের কথা বলছেন। বিপণন পেশাজীবী, ভোক্তা ও ব্যবসায়ী—সব পক্ষের মধ্যে নৈতিকতা প্রতিষ্ঠায় কী করা উচিত বলে মনে করেন?

ড. শরিফুল ইসলাম দুলু: নৈতিকতা একজন মানুষের মৌলিক বিষয়। পরিবার, পরিবেশ ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে মানুষের নৈতিক ভিত্তি তৈরি হয়। রাষ্ট্র বা সমাজ এসব ক্ষেত্রে ব্যর্থ হলে একজনের নৈতিক অবক্ষয়ের প্রভাব অন্যদের ওপরও পড়ে।

আমাদের কাজের ক্ষেত্র নির্দিষ্ট। তাই সংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলো সামনে রেখে যোগাযোগ ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। অংশীজনদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা করছি।

মানুষের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করছি। বাজারব্যবস্থায় সামাজিক সচেতনতা সৃষ্টি করাই আমাদের কাজের অন্যতম লক্ষ্য।

প্রশ্ন: দেশে বড় ব্যবসা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, গ্রামীণ উৎপাদক ও কৃষকদের আলাদা আলাদা বাজার রয়েছে। তাঁদের সবাইকে যুক্ত করতে আপনাদের কোনো সমন্বিত প্ল্যাটফর্ম বা নির্দেশিকা রয়েছে কি?

ড. শরিফুল ইসলাম দুলু: যেভাবেই ব্যবসা করা হোক না কেন, প্রতিটি কাজের সঙ্গেই বিপণন যুক্ত। একটি পণ্যের ধারণা তৈরি থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো ও তাঁকে সন্তুষ্ট করা পর্যন্ত পুরো প্রক্রিয়াই বিপণনের অন্তর্ভুক্ত।

আমাদের দেশে ক্ষুদ্র, মাঝারি, কুটির ও অতিক্ষুদ্র উদ্যোগ মিলিয়ে প্রায় এক থেকে সোয়া কোটি উদ্যোক্তা রয়েছেন। তাঁদের বিপণনসংক্রান্ত চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যে এসব উদ্যোক্তার দক্ষতা ও সচেতনতা বাড়ানো এবং বিপণন প্রক্রিয়া ব্যবস্থাপনায় সক্ষম করে তুলতে কাজ শুরু করেছি।

দ্বিতীয়ত, দেশের প্রতিটি খাতেই কোনো না কোনো অ্যাসোসিয়েশন বা সংগঠন রয়েছে। তবে দলাদলি ও মতের অমিলসহ নানা কারণে অনেক সংগঠন তাদের উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় শক্তি ধরে রাখতে পারে না। আমরা বাজারসংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছি। বছরে অন্তত দুবার সবাই একসঙ্গে বসতে পারলেও পারস্পরিক বোঝাপড়া বাড়বে।

হিসাব-নিকাশ, অর্থ ব্যবস্থাপনা, প্রযুক্তি কিংবা সরবরাহব্যবস্থাপনা—সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাজারকে সেবা দিচ্ছেন। সবার লক্ষ্য যখন বাজারকে সেবা দেওয়া, তখন সমন্বিতভাবে কাজ করলে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।

এখন বাজারে সবচেয়ে বেশি প্রয়োজন শৃঙ্খলা। এর জন্য ব্যক্তিগত সততা ও নৈতিকতা জরুরি। একজনকে আরেকজনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি কারও কাছ থেকে একটি ফল কিনলে বিক্রেতার প্রতি আমার আস্থা থাকতে হবে। তাঁকে দেখেই যদি অবিশ্বাস তৈরি হয় বা প্রতারক মনে হয়, তাহলে সুস্থ সম্পর্ক গড়ে উঠবে না। এটি মূলত ব্যক্তিগত সততার বিষয়।

প্রশ্ন: আপনাদের সম্মেলনেও নৈতিকতার বিষয়টি এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যক্তিগত গোপনীয়তা ও মানুষের নিজস্ব বিচারবুদ্ধি রক্ষার বিষয়টি কীভাবে সমন্বয় করা উচিত? বিপণন খাতে এটি বড় ধরনের পরিবর্তন আনছে।

ড. শরিফুল ইসলাম দুলু: কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারলে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়বে, সময়ও সাশ্রয় হবে। আমি কোনো কিছু লিখতে দুই ঘণ্টা নিতে পারি। কিন্তু মুখে বললে কৃত্রিম বুদ্ধিমত্তা তা ২০ সেকেন্ডে তৈরি করে দিতে পারে। এরপর দুই মিনিট সম্পাদনা ও প্রয়োজনীয় সংযোজন করলেই দুই ঘণ্টার কাজ ১০ মিনিটে শেষ করা সম্ভব।

আমরা ভুল ধারণা করি, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছে কিংবা একসময় মানুষকে ছাড়িয়ে যাবে বা শেষ করে দেবে। বিষয়টি তা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি একটি হাতিয়ার। মানুষের তৈরি কোনো হাতিয়ার কীভাবে মানুষকে ছাড়িয়ে যাবে?

আমরা প্রথমে ঐতিহ্যগত পদ্ধতিতে কাজ করেছি, এরপর ডিজিটাল প্রযুক্তিতে এসেছি। ডিজিটাল প্রযুক্তি কাজের গতি বাড়িয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। অর্থাৎ, আমরা আরও দ্রুত কাজ করতে পারছি। কারণ, এসব প্রযুক্তি মানুষেরই তৈরি।

প্রশ্ন: প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি মানুষের সঙ্গে এর ভারসাম্য রক্ষার বিষয়টি কীভাবে দেখছেন?

ড. শরিফুল ইসলাম দুলু: বিপণনে সব সময় ভারসাম্য গুরুত্বপূর্ণ। কারণ, বিপণন বাজারনির্ভর, আর বাজার হলো মানুষ। মানুষই পণ্য বা সেবা গ্রহণ করে। বাজার বলতে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিকে বোঝায়। তাই বাজারের গতি, মানুষের চাহিদা ও পছন্দের পরিবর্তনের সঙ্গে বিপণনের হাতিয়ারও বদলাতে হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ভোক্তার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে। আমি খাতা-কলম নিয়ে কারওয়ান বাজারে সারাদিন তথ্য সংগ্রহ করতে গিয়ে যানজটে দুটি বাজারে যেতে না পারলেও প্রযুক্তি ব্যবহার করে অন্য কেউ হয়তো এক মাসের কাজ শেষ করে ফেলছেন।

আমাদের জীবনেও প্রযুক্তির এমন পরিবর্তন এসেছে। একসময় বাসাবাড়িতে লাকড়ির চুলা ছিল, পরে কেরোসিন ও গ্যাসের চুলা এসেছে, এখন বৈদ্যুতিক চুলার ব্যবহার বাড়ছে। একইভাবে মানুষের সামাজিক অভ্যাসও বদলেছে। তাই বিপণন পেশাজীবীদেরও বাজারের গতির সঙ্গে তাল মেলাতে হবে। বাজারের চাহিদা বুঝে নিজেদের প্রস্তুত করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি একটি হাতিয়ার। আগামী দুই-চার বছরে এটি কোন অবস্থায় যাবে, তা উদ্ভাবকেরাও নিশ্চিত নন। তবে এর অপব্যবহার যত কম হবে, সমাজে ভারসাম্য রক্ষা তত সহজ হবে। অপব্যবহার মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস নষ্ট করছে। এখন ফেসবুকে কোনো ছবি দেখলে অনেকে নিজের সন্তানকেও জিজ্ঞাসা করেন, ছবিটি আসল নাকি নকল।

বিপণন পেশাজীবীদের টিকে থাকতে হলে প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা ও ভারসাম্য তৈরি করতে হবে। এর কোনো বিকল্প নেই।

প্রশ্ন: ভোক্তা অধিকার নিশ্চিত করা একটি বড় বিষয়। বাজারে ব্র্যান্ডের প্রতি আস্থার সংকটও রয়েছে। ভোক্তার অধিকার ও বাজারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আপনারা কীভাবে কাজ করছেন?

ড. শরিফুল ইসলাম দুলু: আমরা ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। বাজারব্যবস্থার কেন্দ্রে রয়েছে ভোক্তা। ভোক্তাই বাজার। তিনি দুপুরে খাবার না খেলে হোটেল ব্যবসায়ীর প্রয়োজন থাকে না, আবার মানুষ নতুন জামাকাপড় না কিনলে টেইলার্সের ব্যবসারও প্রয়োজন থাকে না।

আমরা দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি। প্রথমত, ব্র্যান্ডের সঙ্গে মানুষের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। একটি পণ্য বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্র্যান্ডে পরিণত হয়। কিন্তু একই নামে নকল বা নিম্নমানের পণ্য বিক্রি হলে প্রকৃত ব্র্যান্ডের প্রতিও ভোক্তার আস্থা নষ্ট হয়। যেমন, ১৮০ বছর ধরে আস্থা অর্জন করা একটি শ্যাম্পু ব্যবহার করে হঠাৎ দেখা গেল ফেনা হচ্ছে না। তখন ভোক্তার মনে বিভ্রান্তি তৈরি হবে। এর পেছনে নকল বা নিম্নমানের পণ্যের প্রভাব থাকতে পারে।

এ জন্য ভোক্তা সচেতনতা বাড়ানো, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি এবং নকল পণ্য প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি। আগে অনেক পণ্যের গায়ে উৎপাদনের তারিখ বা দাম উল্লেখ থাকত না। এখন ক্রেতারা পণ্যের মেয়াদ ও দাম দেখেন। অনেক পণ্যে কিউআর কোডও দেওয়া হচ্ছে। এসব বিষয়ে আমরা ভোক্তাদের সচেতন করছি।

ভোক্তার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যবসায়ী তা লঙ্ঘন করলে দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারবেন না। একটি ব্যবসা বা ব্র্যান্ডকে টেকসই করতে হলে ভোক্তার অধিকার, চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিতে হবে। এ লক্ষ্যেই বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংলাপ ও সমন্বয়ের উদ্যোগ নিয়েছি।

অনেক সময় দেখা যায়, কোনো প্রতিষ্ঠান ৫০০ গ্রামের প্যাকেটে ৪০০ গ্রাম পণ্য দিচ্ছে। ভোক্তা ৫০০ গ্রাম মনে করে কিনলেও পাচ্ছেন ১০০ গ্রাম কম। দাম সমন্বয়ের জন্য পণ্যের পরিমাণ কমানোর প্রয়োজন হলে তা আগে ঘোষণা করা উচিত। ৪০০ গ্রামের প্যাকেট হলে সেটি ৪০০ গ্রাম হিসেবেই বিক্রি করতে হবে এবং দামও সেই অনুযায়ী নির্ধারণ করতে হবে। এটি নৈতিকতার বিষয়।

নীতিগত ও প্রশাসনিক পর্যায়ে কাজ করা ব্যক্তিদের অনেক সময় জনবল ও প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকে। অন্যদিকে, বাজারের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভালো তথ্য দিতে পারেন। তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে কার্যকর কৌশল ও নীতি গ্রহণে সহায়তা করতে চাই।

প্রশ্ন: আপনারা বিভিন্ন কর্মসূচি করছেন। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হওয়ার জন্য আপনাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা রয়েছে কি?

ড. শরিফুল ইসলাম দুলু: মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। বাজার নিয়ে কাজ করায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কৃষিবিদ ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস বাংলাদেশের মতো আমরাও বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন হিসেবে কাজ করছি। এ মাসেই নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছি। আশা করছি, আগামী এক মাসের মধ্যে পূর্ণ নিবন্ধন সম্পন্ন হবে।

নিবন্ধিত ট্রেড অর্গানাইজেশন হিসেবে সরকারের সঙ্গে আরও সরাসরি কাজ করতে পারব। বাজারের বাস্তব চিত্র, তথ্য ও চ্যালেঞ্জ তুলে ধরে সরকারের সঙ্গে আলোচনা এবং যৌথভাবে কার্যকর উদ্যোগ নিতে চাই।

আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো ভোক্তামুখী, ভোক্তার অধিকারকেন্দ্রিক, সৎ ও পরিচ্ছন্ন বাজারব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি বৈশ্বিক মানের দক্ষ মানবসম্পদ ও পেশাজীবী তৈরি করা।

পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিপদে-আপদে পাশে থাকা এবং সাহায্য-সহযোগিতা ও সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলাও আমাদের পরিকল্পনার অংশ। এসব লক্ষ্য সামনে রেখেই আমরা কাজ করছি।

Back to top button