News

বিশ্বকাপ খেলা পানামাকে রুখে দিল ভারত

বিশ্বকাপ খেলা পানামার বিপক্ষে চমক দেখাল ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা দলটির সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে খালিদ জামিলের দল।

শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে ভারতকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। নিজেদের মাঠে শুরু থেকেই পানামার বিপক্ষে লড়াই করছিল ভারত। সেই লড়াইয়ের পুরস্কার আসে উইলিয়ামসের গোলে।

এই মাঠটা উইলিয়ামসের জন্য বিশেষও। বেঙ্গালুরু এফসির হয়ে নিয়মিত এখানেই খেলেন তিনি। মার্চে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেকের আগে তার ছিল দুটি ম্যাচে একটি গোল। পানামার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে নিজের পরিচিত মাঠেও গোল পেলেন এই ফরোয়ার্ড।

বিরতির পর অবশ্য চাপ বাড়ায় পানামা। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে সমতা ফেরান ওমর ভ্যালেন্সিয়া। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শটে ভারতের গোলরক্ষকের কিছুই করার ছিল না। এরপর দুই দল সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৮তম, পানামা ৪৪তম। ব্যবধানটা তাই কাগজে-কলমে ছিল অনেক। তার ওপর পানামা খেলেছে ২০২৬ বিশ্বকাপেও। বিশ্বকাপে খেলা এমন একটি দলের বিপক্ষে ড্র ভারতের জন্য তাই স্বস্তির ফল। দুই দেশের সিনিয়র জাতীয় দলের এটিই ছিল প্রথম মুখোমুখি লড়াই।

ভারতের সামনে অবশ্য পরীক্ষা আরও কঠিন হচ্ছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা। তিন দিন পর একই শহরে প্রতিপক্ষ উরুগুয়ে।

source: Asia Post

Back to top button