News

প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের নেতারা বৈঠক করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে তারেক রহমানের বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। ছবি: বাসস থেকে নেওয়া
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। ছবি: বাসস থেকে নেওয়া

এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ ও জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। ছবি: বাসস থেকে নেওয়া
হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। ছবি: বাসস থেকে নেওয়া

এ সময় দু’দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক। ছবি: বাসস থেকে নেওয়া
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক। ছবি: বাসস থেকে নেওয়া

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ।

source: Asia Post

Back to top button