News

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা একটি সৌখিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি পুড়ে গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের কিছুটা সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি বলেন, সৌখিন বাসটি মাসকান্দা বাসস্ট্যান্ড পার হয়ে কিছুটা সামনে ফ্যামিলি শপের বিপরীতে থামিয়ে রেখেছিলেন চালক। রাত সাড়ে ১২টার দিকে বাসটিতে চালক বা কোনো যাত্রী ছিলেন না। এ সময় হঠাৎ বাসটির পেছনে আগুন জ্বলতে দেখা যায়।

বাসটিতে আগুন লাগার পর সেটি চালক ছাড়াই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে বাসটি থেমে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম আরও বলেন, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচন হবে।

source: Asia Post

Back to top button