জাতীয়সরকার
ট্রেন্ডিং

বিজয় নিয়ে মোদির বক্তব্যের প্রতিবাদ উপদেষ্টার

বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৬ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট এবং পাল্টা পেস্টের এ ঘটনা ঘটে।

নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে লিখেছেন, ‘আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই দিনে তাদের (ভারতীয়দের) অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে।’

আরো পড়ুন

মোদির এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করে আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লিখেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বিজয় অর্জিত হয়। সেই থেকে প্রতি বছর ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি পালিত হয়ে থাকে।

এ দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার, সশস্ত্র বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ হরেছে। ভোরে তোপধ্বনি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি।

Back to top button