News

আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, আছেন ১১ বাংলাদেশি

গত আসরে দল পেয়েও আইপিএলে খেলার সুযোগ হয়নি মোস্তাফিজুর রহমানের। সেই তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহ দেখিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তবে আসন্ন আইপিএলের মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো প্রাথমিক তালিকায় নেই তার নাম। জায়গা হয়নি সাকিব আল হাসানেরও। এই দুই তারকা ছাড়াই তালিকায় রয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য নিলামের জন্য ১ হাজার ২২০ ক্রিকেটারের প্রাথমিক তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৯৩৯ জন এবং বিদেশি ২৮১ জন।

Advertisement

এর আগে গত ১১ নভেম্বর আইপিএলের নিলামে মোস্তাফিজের নাম নিবন্ধনের খবর প্রকাশ করেছিল ভারতীয় ও বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। বিসিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছিল। তবে শেষ পর্যন্ত প্রাথমিক তালিকায় কেন মোস্তাফিজের নাম নেই, সে বিষয়ে কিছু জানায়নি ক্রিকবাজ।

মোস্তাফিজ ও সাকিব ছাড়াও তালিকায় নেই বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অথচ এর আগে তার নাম নিবন্ধনের খবরও এসেছিল সংবাদমাধ্যমে। তবে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়সহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

আরো পড়ুন

তালিকায় আরও রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ রুবেল।

এখনো সুযোগ আছে মোস্তাফিজের?

প্রাথমিক তালিকায় নাম না থাকলেই অবশ্য আইপিএলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না মোস্তাফিজের জন্য। তালিকার বাইরে থাকা কোনো ক্রিকেটারকে নিলামে চায় কি না, তা আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে বলেছে বিসিসিআই।

অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে এখনো মোস্তাফিজের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো দল তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর ১ ডিসেম্বরের মধ্যে নিলামে দেখতে চাওয়া ক্রিকেটারদের তালিকা জমা দেবে দলগুলো। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার ভিত্তিতেই তৈরি হবে নিলামের চূড়ান্ত তালিকা। ফলে প্রাথমিক তালিকায় থাকা ১২ বাংলাদেশির সবার নিলামে ওঠার নিশ্চয়তাও নেই।

গত বছরের ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সেটিই ছিল সর্বোচ্চ দাম।

তবে চলতি বছরের ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। সেই ঘটনার জেরে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছিল। এবার আবারও আইপিএলে ফেরার আগ্রহ দেখালেও আপাতত নিলামের প্রাথমিক তালিকাতেই জায়গা হয়নি তার।

এদিকে এবারের নিলামের প্রাথমিক তালিকায় অন্যতম আলোচিত নাম ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করেছেন এই অলরাউন্ডার।

আইপিএলের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে মোট ১৮৪ ক্রিকেটারকে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৫৫ জন। ফলে নিলামে মোট ৬৬টি শূন্যস্থান পূরণের সুযোগ রয়েছে দলগুলোর। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি।

নিলামে ক্রিকেটার কিনতে দলগুলোর হাতে সব মিলিয়ে রয়েছে ২৯৭ কোটি ৯৫ লাখ রুপি। সবচেয়ে বেশি ৪৭ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নিলামে নামবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এরপরই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৪১ কোটি ৬৫ লাখ রুপি।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে আইপিএলের মিনি নিলাম।

আইপিএলের নিলামের প্রাথমিক তালিকায় থাকা ১২ বাংলাদেশি ক্রিকেটার: তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ রুবেল।

source: Asia Post

Back to top button