News

২০১৯ বিশ্বকাপ দলে না থাকাই ইমরুলের ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়েছেন ইমরুল কায়েস। তবে সব হতাশাকে ছাপিয়ে একটি দিন এখনও আলাদা হয়ে আছে তার কাছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণার দিনটি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশার দিন বলে জানিয়েছেন সাবেক এই ওপেনার।

এশিয়া পোস্টের ‘টাচলাইন’ অনুষ্ঠানে ইমরুল বলেছেন, সেই বিশ্বকাপের দলে থাকার প্রত্যাশা তার ছিল। বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেটেও নিজের খেলাটা ভালোভাবে বুঝতে পারছিলেন বলে মনে করেন তিনি।

ইমরুল বলেন, ‘২০১৯ বিশ্বকাপের দল যখন ঘোষণা হয়েছিল, ওই দিনটা আমার জন্য খুব হতাশার ছিল। আমি আশা করেছিলাম আমি দলে থাকব। আমার মনে হয়েছিল, আমার দলে থাকার কথা ছিল। কিন্তু আমি নির্বাচিত হইনি। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশার দিন ছিল সেটি।’

বিশ্বকাপের আগে নিজের ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন ইমরুল। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে তখন নিজের ভূমিকা ও ব্যাটিংয়ের ধরন ভালোভাবে আয়ত্তে ছিল বলে জানিয়েছেন তিনি।

এশিয়া পোস্টের টাচলাইন অনুষ্ঠানে ইমরুল।
এশিয়া পোস্টের টাচলাইন অনুষ্ঠানে ইমরুল।

‘তার আগের সিরিজগুলোতে আমি কিন্তু খুব ভালো খেলেছিলাম। জিম্বাবুয়ের বিপক্ষেও রান করেছিলাম। ওই সময়টাতে আমি ৫০ ওভারের খেলাটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। একজন খেলোয়াড়ের একটা সময় থাকে, সব সংস্করণে সবসময় সমানভাবে ভালো হয় না। কিন্তু ওই সময়টা আমার ছিল, যখন আমি ৫০ ওভারের ক্রিকেটটা খুব ভালোভাবে বুঝছিলাম।’

ইংল্যান্ডের কন্ডিশন নিয়েও তার কোনো ভয় ছিল না। এর আগেও সেখানে রান করার অভিজ্ঞতা থাকায় ২০১৯ বিশ্বকাপে সুযোগ পেলে ভালো করার বিশ্বাস ছিল ইমরুলের।

তিনি বলেন, ‘এর আগেও আমি ইংল্যান্ডে রান করেছি। টেস্ট ক্রিকেটে আমার প্রথম ফিফটিও ইংল্যান্ডে। ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের ম্যাচেও আমি প্রায় ৭৮ রান করেছিলাম, দলের সর্বোচ্চ রান ছিল সেটি। তাই ইংল্যান্ডের কন্ডিশন আমার জন্য নতুন কিছু ছিল না।’

শেষ পর্যন্ত বিশ্বকাপের বিমানে ওঠা হয়নি তার। সেই সিদ্ধান্ত নিয়ে এখন আর কোনো অভিযোগ না তুললেও ইমরুলের কথায় স্পষ্ট, সুযোগটি হাতছাড়া হওয়ার আক্ষেপ এখনও রয়ে গেছে।

‘কোনোভাবে হয়তো আমার ভাগ্য ছিল না। আমি যেতে পারিনি,’ বলেন তিনি।

source: Asia Post

Back to top button