বিশ্লেষণযুক্তি-তর্ক

জনগণের ন্যায্য অধিকার ইগোর কাছে বন্ধক নয়

ইদানীং আর ক্ষোভ হয় না। রাগ হয় না। বরং সংবাদপত্রের পাতা খুললে কিংবা টেলিভিশনের টকশোতে বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্য ও ভাবসাব দেখলে এক ধরনের বিরক্তির হাসি আসে।
মনে হয়, এই দেশে পতিত স্বৈরাচারের দেড় দশকের শাসনামলে তারা বুঝি খুব শান্তিতেই ছিলেন! তারা যে নিপীড়িত ছিলেন, রাজনৈতিকভাবে কোণঠাসা ছিলেন, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার যে সংকুচিত হয়েছিল—সেসব যেন আজ অনেকেরই মনে নেই।
এখনকার রাজনৈতিক বয়ান শুনলে মনে হয়, দেশের যাবতীয় সংকট যেন ৫ আগস্টের পর থেকেই শুরু হয়েছে। বাজারে অস্বস্তি, জ্বালানি সংকট, বিদ্যুৎ-গ্যাসের সমস্যা, শিল্পে স্থবিরতা, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ—সবকিছুর দায় যেন কেবল
৫ আগস্টের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সরকারের।

অতীতের দায় অস্বীকার করে বর্তমানের সংকটের ব্যাখ্যা দেওয়া যেমন বাস্তবসম্মত নয়, তেমনি বর্তমান সরকারের ব্যর্থতা বা ভুলকে কেবল অতীতের ঘাড়ে চাপিয়ে দেওয়াও দায়িত্বশীল রাজনীতি নয়।

একটি রাষ্ট্রের পরিবর্তন কেবল ক্ষমতার হাতবদল নয়। পরিবর্তন তখনই অর্থবহ হয়, যখন তার ইতিবাচক প্রতিফলন মানুষের জীবনে দেখা যায়। বাজারে স্বস্তি ফিরবে, শিল্পকারখানায় উৎপাদন বাড়বে, শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হবে, বিনিয়োগকারীর আস্থা ফিরবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি প্রতিষ্ঠিত হবে—সাধারণ মানুষের কাছে পরিবর্তনের অর্থ মূলত এটুকুই।

মানুষ আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না; তারা ফলাফল দেখতে চায়।

কিন্তু দুঃখজনকভাবে জাতীয় সংকটের এই সময়ে মিডিয়া, টকশো থেকে রাজপথ ও ক্যাম্পাসে—সবখানেই অযাচিত ও অর্বাচীন কথাবার্তায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। কে কার ছাত্র, কে কার চেয়ে যোগ্য, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে কার অবদান কতটুকু,
কে কাকে ছাড়িয়ে গেল—এ ধরনের ব্যক্তিকেন্দ্রিক বিতর্ক যেন জাতীয় আলোচনার জায়গা দখল করে নিচ্ছে। ব্যক্তিগত কটূক্তি, অশালীন ভাষা কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রকাশ্যে হুমকি দেওয়া রাজনৈতিক বক্তব্যের শক্তি বাড়ায় না; বরং তা রাজনৈতিক সংস্কৃতিকে আরও নিচে নামিয়ে আনে।

রাষ্ট্র যখন জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও শিল্প উৎপাদনের মতো মৌলিক সমস্যার মুখোমুখি, তখন মানুষের স্বাভাবিক প্রশ্ন—গণঅভ্যুত্থানে কার অবদান কতটুকু তা জানার চেয়ে কে জনগণের সংকট সমাধানে কী করছেন, সেটিই কি বেশি গুরুত্বপূর্ণ নয়?

একটি সংকটময় সময়ে সরকারের আচরণ হওয়া উচিত অভিভাবকের মতো। কিন্তু ইগোর রাজনীতি ও আত্মতুষ্টির আবরণে সরকার যদি সেই অভিভাবকসুলভ ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে মানুষের আস্থার সংকট আরও গভীর হতে পারে।

সরকারের প্রতি আনুগত্যের সবচেয়ে বড় প্রমাণও কিন্তু প্রতিপক্ষকে আক্রমণ করা নয়। বরং জনগণের সংকটকে নিজের সংকট হিসেবে দেখা। ক্ষমতার পক্ষ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা সহজ; কিন্তু জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়াই কঠিন এবং সেটিই রাষ্ট্র পরিচালনার আসল পরীক্ষা।

বিরোধী দল যখন জ্বালানি সংকট নিয়ে প্রতিবাদ করছে, তখন সরকার যদি আশঙ্কা করে যে এর আড়ালে পুরোনো কোনো রাজনৈতিক শক্তি নিজেদের পুনর্গঠনের সুযোগ খুঁজছে, সেই আশঙ্কা রাজনৈতিকভাবে আলোচনার বিষয় হতে পারে। কিন্তু আশঙ্কা থাকলেও সমাধানের পথ শক্তি প্রদর্শন নয়। সমাধানের পথ হতে পারে সংলাপ।

সরকার চাইলে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক টেবিলে বসতে পারে। জ্বালানি সংকট উত্তরণে জাতীয় ঐকমত্যের উদ্যোগ নিতে পারে। বিশেষজ্ঞ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, শ্রমিক প্রতিনিধি, জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অংশীজনকে নিয়ে জাতীয় সংলাপ হতে পারে।

একটি সংকটকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ হিসেবে না দেখে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করাই পরিণত রাজনীতির পরিচয়।

একইভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। প্রতিটি সংকটকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক মঞ্চে পরিণত করা যেমন সমাধান নয়, তেমনি সরকারেরও প্রতিটি প্রতিবাদকে ষড়যন্ত্র হিসেবে দেখা উচিত নয়। জনগণের দুর্ভোগকে রাজনৈতিক স্লোগানে পরিণত না করে সমাধানের দাবিতে পরিণত করতে হবে।

যখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সচিবের বক্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে—কে কার ছাত্র হওয়ার যোগ্য, কে কাকে ছাড়িয়ে গেল, আর প্রতিনিয়ত বিরোধী মতকে তুচ্ছতাচ্ছিল্য করা—তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংকটগুলো নিয়ে ভাবার সময় কোথায়?

দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বয়ানের চেয়ে রাষ্ট্রীয় সংকটের সমাধান, জনগণের দুর্ভোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্যই বেশি প্রত্যাশিত।

অন্যথায়, জাতীয় সংকট থেকে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, রাষ্ট্রের পরিস্থিতি হবে অস্থিতিশীল।

জাতীয় সংকট থেকে যদি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, আর সেই অস্থিরতা যদি ক্রমেই রাষ্ট্রীয় অস্থিতিশীলতার দিকে গড়ায়, তাহলে তার দায় কোনো একক পক্ষ এড়িয়ে যেতে পারবে না। তাই এখন প্রয়োজন কে কাকে রাজনৈতিকভাবে ঘায়েল করবে—সেই প্রতিযোগিতা নয়; বরং কীভাবে জাতীয় সংকট মোকাবিলা করে দেশকে স্থিতিশীল রাখা যায়, সেই বিষয়ে একটি সর্বদলীয় ও জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

আর এখানেই সংস্কারের প্রশ্নটি গুরুত্বপূর্ণ।

ফ্যাসিবাদ সবসময় হঠাৎ করে আসে না। ধীরে ধীরে আসে—সংস্কারের দাবি উপেক্ষা করে, প্রতিবাদকে অপরাধ হিসেবে দেখিয়ে, ভিন্নমতকে ভয় হিসেবে বিবেচনা করে এবং শেষ পর্যন্ত ভয়কে রাষ্ট্রীয় সংস্কৃতির অংশে পরিণত করে। একসময় নাগরিকের নীরবতাই হয়ে ওঠে শাসকের সবচেয়ে বড় শক্তি।

ইতিহাসের শিক্ষা হলো, রাষ্ট্র যদি সংস্কারের প্রয়োজনকে অস্বীকার করে, তাহলে একসময় জনগণের সঙ্গে রাষ্ট্রের দূরত্ব বাড়তে থাকে। আর সেই দূরত্ব যত বাড়ে, রাষ্ট্রের প্রতি আস্থার সংকটও তত গভীর হয়।

তাই সংস্কার কোনো বিলাসিতা নয়; এটি রাষ্ট্রকে টেকসই, জবাবদিহিমূলক ও জনগণমুখী করার প্রয়োজনীয় শর্ত।

গণরায়ের মর্যাদা রক্ষা এবং জনআস্থা ধরে রাখার পথও খুব জটিল নয়—কথার চেয়ে কাজে অগ্রাধিকার দেওয়া, সংকটকে স্বীকার করা এবং দ্রুত দৃশ্যমান সমাধানের পথে এগিয়ে যাওয়া।

সরকারের প্রতি আহ্বান—ইগো নয়, অভিভাবকসুলভ আচরণ করুন। বয়ান নয়, কর্মপরিকল্পনা দিন। শোডাউন নয়, সংলাপ করুন। দায় এড়িয়ে সময় চাইবেন না; বরং সময়কে কাজে লাগিয়ে দৃশ্যমান ফলাফল দিন।

আর রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান—ক্ষমতার হিসাবের বাইরে গিয়ে জনগণের সংকটকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসুন।

কারণ জনগণ আর নতুন কোনো রাজনৈতিক বয়ান শুনতে চায় না। তারা চায় নিরাপদ জীবন, সুলভ বাজার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস, সচল শিল্প, কর্মসংস্থান এবং একটি দায়িত্বশীল রাষ্ট্র।

জনগণ আর কারও রাজনৈতিক ইগোর কাছে তাদের ন্যায্য অধিকার বন্ধক রাখতে রাজি নয়।

লেখক ও রাজনীতি পর্যবেক্ষক

Back to top button