গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় সার্জনসহ নিহত ৬, আহত ২৮

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় একজন সার্জনসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। নিহতদের মধ্যে একজন প্রতিবন্ধী ব্যক্তি ও অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা এক রোগীও রয়েছেন।
গার্ডিয়ান ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে চালানো এ হামলায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগসহ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে হাসপাতালের চারটি বিভাগের কার্যক্রম।
নাসের হাসপাতালের পরিচালক চিকিৎসক আহমেদ আল-ফারা জানান, হামলায় অস্ত্রোপচার বিভাগটির একাংশ ধ্বংস হয়েছে। পাশাপাশি রেডিওলজি, পরীক্ষাগার, অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের ওয়ার্ডের সেবা বন্ধ রাখতে হয়েছে। হাসপাতালের একটি ওয়ার্ডের ছাদ ধসে পড়েছে।
বিস্ফোরণের তীব্রতায় চিকিৎসার সরঞ্জাম দুমড়েমুচড়ে গেছে, মেঝেতে ছড়িয়ে পড়েছে ধ্বংসস্তূপ ও ভাঙা কংক্রিট। বোমাটি ভবনের যে অংশ ভেদ করে ভেতরে ঢুকেছে, সেখানে মেঝেতে বড় গর্ত তৈরি হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করে বলেছে, সেখানে হামাসের একজন কমান্ডার ও অন্য যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।
নাসের মেডিকেল কমপ্লেক্সের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক আয়মান আবু উবাইদ হামলায় আহত হয়েছেন। তিনি জানান, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলাটি চালানো হয়। বিস্ফোরণের পর হাসপাতালের কক্ষগুলো ঘন ধোঁয়ায় ভরে যায়, বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। আহতদের গোঙানি ও মানুষের চিৎকারে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে।
চিকিৎসক ও অন্যদের অনেকেই হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং বোমার স্প্লিন্টারের ক্ষত নিয়ে আহত হন।
আবু উবাইদ বলেন, অস্ত্রোপচার বিভাগের রোগীরা সবাই অস্ত্রোপচারের অপেক্ষায় ছিলেন। হামলার সময় তাদের ঘুমিয়ে থাকার কথা ছিল।
-059f24.jpg)
নিহতদের একজন ৫২ বছর বয়সী জেনারেল সার্জন রিজক আবু শাইরা। গাজায় চিকিৎসকদের কাজ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আমেরিকান ডক্টর’-এ অস্ত্রোপচার করতে দেখা গিয়েছিল তাকে।
ওই প্রামাণ্যচিত্রে অংশ নেওয়া আরেক চিকিৎসক থায়ের আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রিজক নিজের মানুষের সেবা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিজের কাজ করতে গিয়েই তাকে জীবন দিতে হয়েছে। হামলায় তিনি তার এক রোগীর সঙ্গে নিহত হন।
হাসপাতালটিতে আগেও ৭ বার হামলা
গাজার যুদ্ধের মধ্যে নাসের হাসপাতাল এখনো চালু থাকা কয়েকটি চিকিৎসাকেন্দ্রের একটি। ইসরায়েলি বোমাবর্ষণে গাজার অধিকাংশ হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ায় এই হাসপাতালের ওপর নির্ভরশীল রোগীর সংখ্যা অনেক বেশি। যুদ্ধ শুরুর পর থেকে হাসপাতালটিতে এ নিয়ে সাতবার হামলা হয়েছে।
গত বছরও হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন। ওই হামলাটি ছিল ‘ডাবল-ট্যাপ’, অর্থাৎ প্রথম হামলার পর উদ্ধার কর্মী ও সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে গেলে দ্বিতীয় দফায় আবার হামলা চালানো হয়। সাংবাদিকেরা প্রায়ই হাসপাতালটির একটি নির্দিষ্ট স্থান থেকে ভিডিও ধারণ করতেন। ওই ঘটনায় নিহত পাঁচ সাংবাদিকের মধ্যে বার্তা সংস্থা এপি ও রয়টার্সের সাংবাদিকও ছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে অভিযোগ করে আসছে, হামাস হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে এবং সেখানে অস্ত্র মজুত রাখে। হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসাকর্মীরা বিশেষ সুরক্ষার অধিকারী। তবে কোনো চিকিৎসাকেন্দ্র সামরিক কাজে ব্যবহৃত হলে নির্দিষ্ট শর্তে সেটি সুরক্ষার মর্যাদা হারাতে পারে। এ ক্ষেত্রে হামাসের সামরিক উপস্থিতির অভিযোগের পক্ষে ইসরায়েল কোনো প্রমাণ প্রকাশ করেনি।
চিকিৎসাব্যবস্থার সংকট আরও গভীর
নাসের হাসপাতালের পরিচালক আল-ফারা জানিয়েছেন, হাসপাতালটিতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর প্রায় ৮০ শতাংশের ঘাটতি রয়েছে। নতুন হামলায় অস্ত্রোপচার বিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি অস্ত্রোপচারসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষায়িত অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের চিকিৎসা কীভাবে চলবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গাজার স্বাস্থ্য অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্বাস্থ্যব্যবস্থার এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞকে ‘মেডিসাইড’ বা চিকিৎসাব্যবস্থাকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। গাজায় এক হাজার ৭০০-এর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল শত শত চিকিৎসাকর্মীকে আটক করেছে, যাদের অন্তত ৯৫ জন এখনো কারাগারে রয়েছেন।
শীতের মৌসুমে গাজায় চিকিৎসার প্রয়োজন আরও বেড়েছে। বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের তাঁবু প্লাবিত হচ্ছে। ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরগুলোতে সংক্রামক রোগের বিস্তারও বাড়ছে। এমন পরিস্থিতিতে হাসপাতালটির অস্ত্রোপচার ও রোগীসেবার সক্ষমতা কমে যাওয়ায় চিকিৎসাসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
-a6ac92.jpg)
নাসের হাসপাতালে নিহতদের একজন ২৯ বছর বয়সী সাইফ গাজি আবু হাতাব। সোমবার বন্ধুর বাড়ির ধ্বংসস্তূপ সরানোর সময় একটি ধ্বংসাবশেষ তার পিঠের ওপর পড়ে। পরে তাকে নাসের হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় তার অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ারও পরিকল্পনা ছিল।
সাইফের চাচাতো ভাই ৩৭ বছর বয়সী তারেক আবু হাতাব বলেন, সাইফ ছিল জীবনের সেরা সময়ে থাকা এক তরুণ। সে বাঁচতে চেয়েছিল, নিজের বাড়ি পুনর্নির্মাণ করতে চেয়েছিল এবং কষ্ট-দুর্ভোগ ছাড়া স্বাভাবিক জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু তার আগেই তাকে হারাতে হলো। এর আগে সাইফ তার দুই ভাই ও বাবাকে হারিয়েছিল। এবার তার মা আরও এক ছেলেকে হারালেন। সব মিলিয়ে তিন ছেলেকে হারানোর শোক বইতে হচ্ছে তাকে।
যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলের হিসাবে প্রায় এক হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬০০ ছাড়িয়েছে। জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক স্বাধীন তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে তাদের চার সেনা নিহত হয়েছেন।
নাসের হাসপাতালে সর্বশেষ হামলার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চিকিৎসাকেন্দ্র ও চিকিৎসাকর্মীদের ওপর হামলা রোগী ও আহতদের দুর্ভোগ বাড়াচ্ছে এবং অবশিষ্ট স্বাস্থ্যসেবা ব্যবস্থার কার্যক্ষমতাকেও হুমকির মুখে ফেলছে। হামাস হামলাটিকে ‘পরিপূর্ণ যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, হাসপাতালটিকে সামরিক কাজে ব্যবহার করছিল হামাস। তবে সেই দাবির পক্ষে তারা প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি।
source: Rajneete







