News

গাবতলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীর দীপনগর এলাকায় মাছের কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ ইমরান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দীপনগর এলাকার একটি মাছের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই দেলোয়ার হোসেন জানান, তারা গাবতলী দীপনগর এলাকায় একটি মাছের আড়তে কাজ করেন। রাতে একটি কাভার্ডভ্যানে গ্যাস নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ইমরানসহ দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেলোয়ার হোসেন আরও জানান, নিহত ইমরান নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার মো. সরোয়ার মোল্লার ছেলে। বর্তমানে তারা গাবতলী দীপনগর এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

source: Asia Post

Back to top button