News

জলবায়ু অভিযোজনে বছরে ১২০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন খাতে ২০৩৫ সালের আগেই বার্ষিক অর্থায়ন তিন গুণ বাড়িয়ে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও অনুদানভিত্তিক করা, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে অর্থের পরিমাণ বাড়ানো এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক জলবায়ু সংকটের জন্য যেসব দেশের দায় সবচেয়ে কম, তারাই এর অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, নদীভাঙন ও তাপপ্রবাহের মতো দুর্যোগ দেশের মানুষের জীবন-জীবিকা এবং উন্নয়ন অর্জনকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। অথচ প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের বড় অংশই এখনো বাস্তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাচ্ছে না। তাই এবারের জলবায়ু সম্মেলনে শুধু নতুন প্রতিশ্রুতি নয়, বরং সহজ শর্তে অর্থ ছাড়, অনুদানভিত্তিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে অর্থ পৌঁছানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু ন্যায়বিচারকে আলোচনার কেন্দ্রে রাখার আহ্বানও জানিয়েছে ঢাকা।

বাংলাদেশের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করা না গেলে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে প্রয়োজনীয় অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পঞ্চম দিনের আলোচনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আনুষ্ঠানিক আলোচনা শুরুর পর প্রথম চার দিনের কার্যক্রম শেষ হয়েছে। পঞ্চম দিনের আলোচনা চলছে। বিশ্বনেতারা জলবায়ু পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। আলোচ্যসূচির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতি হলেও বেশ কিছু ইস্যুতে এখনো মতপার্থক্য রয়েছে। ফলে চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। চলতি সপ্তাহের আলোচনাকে বিশ্বাসযোগ্য সিদ্ধান্তে রূপ দেওয়া এবং জলবায়ু সংকটের সম্মুখসারিতে থাকা মানুষের জন্য বাস্তব সহায়তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।

বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে বাংলাদেশের ঝুঁকি

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ু হালনাগাদ তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক্‌-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো তাত্ত্বিক বিষয় নয়। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, তাপপ্রবাহসহ বিভিন্ন জলবায়ুজনিত ঝুঁকি মানুষের জীবন-জীবিকা এবং দেশের উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।’

তিনি বলেন, ‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তারপরও বাংলাদেশ উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপ গ্রহণ করছে। দেশের এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক উন্নয়ন পরিস্থিতির তুলনায় নিঃশর্তভাবে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পাওয়া সাপেক্ষে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

মন্ত্রী জানান, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হচ্ছে। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সবুজ কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। তবে জাতীয় পর্যায়ের উচ্চাভিলাষী উদ্যোগের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা ও সহায়তার সমন্বয় প্রয়োজন।

অভিযোজন কর্মসূচিতে বাংলাদেশ পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার

বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) ঘোষণা করেছে, বাংলাদেশ প্রথম পাঁচটি দেশের মধ্যে রয়েছে, যারা প্রত্যেকে ৩ কোটি মার্কিন ডলার করে সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে। উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষির প্রসারে এ অর্থ ব্যবহার করা হবে। সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় বাংলাদেশ ছাড়াও হাইতি, কিরগিজস্তান, মরক্কো ও সিয়েরা লিওন নির্বাচিত হয়েছে। পাশাপাশি মোজাম্বিক ও মালাউইকে নিয়ে একটি আঞ্চলিক উদ্যোগও কর্মসূচির আওতায় এসেছে।

সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন জানান, কর্মসূচিটির মোট অর্থায়নের ৪০ শতাংশ বেসরকারি খাতে বিনিয়োগ করা হবে। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এসব বিনিয়োগ বাস্তবায়িত হবে। জার্মানি, আয়ারল্যান্ড ও স্পেনের অবদানে কর্মসূচির প্রথম পর্যায়ের অর্থায়ন সম্ভব হচ্ছে। প্রতিটি নির্বাচিত দেশ ৩০ মিলিয়ন ডলার করে পাবে। আর মোজাম্বিক ও মালাউইকে নিয়ে আঞ্চলিক উদ্যোগটির জন্য বরাদ্দ থাকবে ৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশে এ অর্থ দিয়ে উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষির প্রসারে বিনিয়োগ করা হবে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় এ ধরনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিআইএফ জানিয়েছে, কর্মসূচিতে অংশ নিতে ৭০টি দেশ আবেদন করেছিল। এমনকি শীর্ষ ২৫টি আবেদনের প্রকল্পগুলোর সম্ভাব্য বিনিয়োগমূল্যই ৭০০ মিলিয়ন ডলার। ফলে অভিযোজন খাতে অর্থায়নের চাহিদা কতটা বেশি, তা এ তথ্য থেকেই স্পষ্ট।

অভিযোজন খাতে ১২০ বিলিয়ন ডলারের দাবি

জলবায়ু অর্থায়নকে আন্তর্জাতিক আস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট ২০৩৫ সালের আগে অভিযোজন খাতে বার্ষিক অর্থায়ন তিন গুণ বাড়িয়ে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ পুনর্ভরণ এবং নতুন অর্থ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক তহবিল থেকে সরাসরি ও সহজে অর্থ পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জলবায়ু সহনশীলতা বাড়ানোর অগ্রগতি পরিমাপের জন্য এমন সূচক প্রয়োজন, যা দেশগুলোর ওপর অতিরিক্ত প্রতিবেদন তৈরির চাপ সৃষ্টি করবে না। জাতীয় অভিযোজন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং অর্থায়ন ও বাস্তবায়ন সহযোগীদের সঙ্গে জাতীয় অগ্রাধিকারের কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।’

ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিলের (ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ) অর্থায়ন বাড়ানোর দাবি জানিয়ে মন্ত্রী বলেন, ‘জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় এ তহবিলে অর্থের পরিমাণ অত্যন্ত কম। তাই তহবিলে অর্থ বাড়ানো, সরাসরি অর্থায়ন সহজ করা এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও অনার্থিক, উভয় ধরনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা প্রয়োজন ‘

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যে ২০২৬ সালের পরও মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম অব্যাহত রাখার পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। এ কর্মসূচি ২০৩০ সাল পর্যন্ত চালু রেখে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহায়তায় খাতভিত্তিক বাস্তবসম্মত সমাধান গ্রহণের আহ্বান জানান। জ্বালানি ও অর্থনীতির রূপান্তর প্রক্রিয়ায় মানুষের সুরক্ষার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘শ্রমিক, কৃষক, নারী, যুবসমাজ, অনানুষ্ঠানিক খাতের কর্মী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তির সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো জনগোষ্ঠী যেন এ রূপান্তর প্রক্রিয়ায় পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করা প্রয়োজন।’

প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতা আরও সহজ ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক বাধা তৈরি করা যাবে না। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পর্যবেক্ষণ, আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (সিবিএএম) মতো একতরফা জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যিক ব্যবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, ‘এ ধরনের পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলোর শিল্প প্রতিষ্ঠান, শ্রমিক ও রপ্তানি খাতের ওপর অসমানুপাতিক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জলবায়ুনীতি অবশ্যই ন্যায্য, সহযোগিতামূলক এবং প্যারিস চুক্তির মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’

কপ-৩১-এর দ্বিতীয় সপ্তাহে এলডিসি গ্রুপ, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্তের প্রত্যাশা করছে। জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি তহবিল শক্তিশালী করা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করাই হবে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।’

জলবায়ু অর্থায়নে মন্ত্রী পর্যায়ের সংলাপ

কপ-৩১-এর পঞ্চম দিনে জলবায়ু অর্থায়ন, স্থানীয় পর্যায়ে জলবায়ু পদক্ষেপ, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং জ্বালানি রূপান্তর বিশেষ গুরুত্ব পেয়েছে। সম্মেলনের এবারের মূল প্রতিপাদ্য, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন। সেই লক্ষ্য সামনে রেখে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবিলায় অর্থ ও বাস্তবসম্মত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জলবায়ু অর্থায়নবিষয়ক সপ্তম দ্বিবার্ষিক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপ। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আনতালিয়া এক্সপো সেন্টারের আহলাত জোনের ১৯ নম্বর সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নের অগ্রগতি, অর্থের পরিমাণ বৃদ্ধি এবং অর্থায়নের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অভিযোজন ও প্রশমন এ দুই খাতে অর্থের ভারসাম্য নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে সহজে, দ্রুত ও পূর্বানুমানযোগ্যভাবে অর্থ পেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

সংলাপে ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য এবং সামগ্রিকভাবে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন সংগ্রহের বৃহত্তর লক্ষ্যের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠে। অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কত অর্থ ছাড় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো কত সহজে তা পাচ্ছে এসব বিষয় পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ও বাস্তব অর্থপ্রবাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। ২০৩৫ সাল নাগাদ বছরে ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি এবং ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বৃহত্তর লক্ষ্যের বিপরীতে ২০২৪ সালে মাত্র ১৩৭ বিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের তথ্য উঠে এসেছে। একই সঙ্গে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে অর্থায়নে ৮৪০ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হতে পারে বলে বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু অর্থায়নকে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অর্থ ছাড়, সহজ শর্ত এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে অর্থ পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জোরাল হয়েছে।

স্থানীয় পর্যায়ের জলবায়ু পদক্ষেপে গুরুত্ব

শুক্রবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ডেলিভারিং অন প্যারিস: সাবন্যাশনাল অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি ইন দ্য গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন এজেন্ডা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন দেশের নগর, রাজ্য ও আঞ্চলিক পর্যায়ের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের কার্যক্রম তুলে ধরেন। প্যারিস চুক্তির লক্ষ্য বাস্তবায়নে শুধু জাতীয় সরকারের সিদ্ধান্ত যথেষ্ট নয়; স্থানীয় সরকার, শহর কর্তৃপক্ষ ও আঞ্চলিক প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। এ বিষয়টি আলোচনায় উঠে আসে। স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পরিমাপের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারী স্থানীয় নেতারা এ বিষয়ে একটি সম্মিলিত বিবৃতি উপস্থাপন করেন।

বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য স্থানীয় পর্যায়ের উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, হাওর ও নদীভাঙনপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব একরকম নয়। ফলে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে অভিযোজন প্রকল্প গ্রহণ এবং স্থানীয় জনগোষ্ঠীকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।

জ্বালানি রূপান্তর ও বৈশ্বিক বাজার নিয়ে আইইএর আলোচনা

পঞ্চম দিনের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সংবাদ সম্মেলন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরল অংশ নেন। কপ-৩১-এর আলোচনার অগ্রগতি, বিদ্যুতায়ন এবং বৈশ্বিক জ্বালানি বাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার কর্মসূচিও রাখা হয়। বর্তমান বিশ্বে জ্বালানির নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়টি জলবায়ু আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও পরিবহন খাতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে আলোচনা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগ

কপ-৩১-এর পঞ্চম দিনে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব পেয়েছে পরিবেশবান্ধব পাটপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগ। সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশের জুট প্যাভিলিয়ন বিদেশি প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশের পাটপণ্যকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে বিশ্ববাজারে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাটের ব্যাগ, জুতা, পোশাকসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনীতে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও তরুণ নেতৃত্বের সদস্যরা।

এদিকে, বাংলাদেশের জুট প্যাভিলিয়ন টিম এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও যৌথ উদ্যোগ নিয়ে কাজ করার বিষয়ে সমঝোতা হয়েছে। দুই পক্ষের বৈঠকে পাটকে কার্বন-নেগেটিভ, সম্পূর্ণ পচনশীল এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরা হয়। ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব পণ্য উৎপাদন এবং টেকসই ব্যবহারের ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে একমত হন তারা। পাটের বহুমুখী ব্যবহার শুধু পরিবেশ সুরক্ষায় নয়, বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়তে থাকায় বাংলাদেশের পাটশিল্প আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থান তৈরি করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানও বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন। সেখানে ১২৯ ধরনের পরিবেশবান্ধব পণ্য তাকে দেখানো হয়। পাটের তৈরি ব্যাগ, জুতা, ব্লেজারসহ বিভিন্ন পণ্য দেখে তিনি পরিবেশ রক্ষায় সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান। বিদেশি ক্রেতাদের আগ্রহ এবং পণ্য রপ্তানির সম্ভাবনার বিষয়টিও তাকে অবহিত করা হয়।

জলবায়ু আইন, ন্যায়বিচার ও তরুণদের ভূমিকা

শুক্রবার আনতালিয়া বিলিম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ক্লাইমেট ল অ্যান্ড গভর্ন্যান্স ডে’। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে জলবায়ু আইন, নীতিনির্ধারণ, সুশাসন ও জলবায়ু ন্যায়বিচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল প্যারিস চুক্তির বাস্তবায়ন, জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি (এনডিসি ৩.০), জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জলবায়ু আদালত ও আইনি পদক্ষেপ এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু আইন প্রণয়নের বিষয়গুলোও গুরুত্ব পায়। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শুধু আন্তর্জাতিক চুক্তি ও রাজনৈতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়; জাতীয় আইন, নীতিমালা এবং বাস্তবায়ন কাঠামোও শক্তিশালী করতে হবে।

অর্থ ও বাণিজ্যকে ঘিরে নতুন প্রত্যাশা

তুরস্কের আয়োজক কর্তৃপক্ষের ঘোষিত থিমভিত্তিক কর্মসূচি অনুযায়ী, শুক্রবার ছিল অর্থ ও বাণিজ্যবিষয়ক দিন। সবুজ রূপান্তর, জলবায়ুভিত্তিক বিনিয়োগ, সবুজ অর্থায়ন এবং কার্বন বাজারের উন্নয়ন ছিল দিনের মূল বিষয়। এ উপলক্ষে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের প্রতিনিধিরা সবুজ বিনিয়োগের সুযোগ, উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন সংকট এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। দিনের উল্লেখযোগ্য পার্শ্ব-আয়োজনগুলোর মধ্যে ছিল পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে বিনিয়োগ, ভিয়েতনামের অভিজ্ঞতা থেকে বাণিজ্য ও অভিযোজনের সম্পর্ক, আসিয়ান অঞ্চলে কার্বন বাজার এবং সংহতি-ভিত্তিক করব্যবস্থার মাধ্যমে জলবায়ু সহনশীলতা অর্থায়ন। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমাতে বিনিয়োগ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য বাণিজ্যিক সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশের জন্য জলবায়ু আলোচনার সাফল্য নির্ধারিত হবে সাধারণ মানুষের জন্য এসব আলোচনা থেকে কী অর্জন করা গেল, তার ভিত্তিতে। কপ-৩১-এর সাফল্য সিদ্ধান্তের দৈর্ঘ্য দিয়ে পরিমাপ করা হবে না, বরং প্রতিশ্রুত সহায়তা জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, তাদের জীবিকা সুরক্ষিত হচ্ছে কি না এবং একটি ন্যায়সংগত ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার পথ তৈরি হচ্ছে কি না, সেটিই হবে।

source: Asia Post

Back to top button