News

ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে ‘বিপ্লবী কমিউনিটি’র আত্মপ্রকাশ

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনের প্রত্যয়ে ‘বিপ্লবী কমিউনিটি’ নামে একটি সামাজিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এ প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছে।

সংগঠনটির ঘোষিত মূলনীতি হলো সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষা। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। যেখানে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার, মেধার যথাযথ মূল্যায়ন এবং স্বাধীনভাবে মতপ্রকাশের পূর্ণ সুযোগ নিশ্চিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হবে। সংগঠনের নাম, ব্যানার কিংবা পদবি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক সুবিধা হাসিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও বিশ্বাসের মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে সামাজিক কল্যাণে কাজ করতে চায় সংগঠনটি।

‘বিপ্লবী কমিউনিটি’র ঘোষিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। পাশাপাশি অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, জুলাই বিপ্লবের চেতনা ও ইনসাফ প্রতিষ্ঠা, দল-মত নির্বিশেষে সামাজিক ঐক্য ও জনসচেতনতা সৃষ্টি এবং স্বচ্ছতা ও জবাবদিহিমূলক বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেছে সংগঠনটি।

এ ছাড়া সংগঠনের সদস্যরা কোনো ধরনের আইনি জটিলতা, হয়রানি কিংবা নির্যাতনের শিকার হলে প্রয়োজনীয় আইনি সহায়তা ও সুরক্ষা প্রদানের বিষয়টিও সংগঠনটির অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ আলি বেইগ রিদিব। প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন খলিদ বিন মিয়াজ ও সজিব হাসান, মহাসচিব আরিয়ান আজিজ, সাংগঠনিক সম্পাদক সামির ইভান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বপন।

এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, রাফি খান দিদার, গাজী সালাহউদ্দীন তানভীর ও আবুল বাশার।

সংগঠনটির মূল স্লোগান, ‘মানুষের জন্য, মানুষের পাশে’। সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, অধিকার প্রতিষ্ঠা এবং দল-মতনির্বিশেষে মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় ‘বিপ্লবী কমিউনিটি’।

source: Asia Post

Back to top button