বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুর আড়াইটার দিকে সেখানে তার মরদেহ নেওয়া হয়। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কফিন নেওয়া হয় তার কর্মস্থল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত সেখানে মরদেহ রাখা হয়। পরে তাকে বাসায় নেওয়া হলে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো তাকে দেখেন।
তিন দশকের বেশি সময়ের পেশাজীবনে তিনি দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যু আগ পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন। আর ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। এর আগে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
source: Asia Post







