News

পূর্বাচল ৩০০ ফিটে ১৫ অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা থেকে কাঞ্চন ব্রিজ সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এটি ছিল অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে চলমান অভিযানের পঞ্চম দিন।

অভিযানে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধিদল এবং ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, পূর্বাচল ৩০০ ফিট, জলসিঁড়ি আবাসিক এলাকা এবং কাঞ্চন ব্রিজ সড়কের উভয় পাশে থাকা অনুমোদনহীন বিলবোর্ডগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

সড়কের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনবিহীন বিলবোর্ড অপসারণে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

source: Asia Post

Back to top button