News

চট্টগ্রাম বন্দরের দায়িত্বে এমপির পারিবারিক প্রতিষ্ঠান, নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষোভ

দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রশ্ন রেখে লিখেছেন, ‘চট্টগ্রাম বন্দর কি এখন রাজনৈতিক প্রভাবশালীদের ব্যবসার ক্ষেত্র? দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য পেয়েছে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। মাত্র দুই দিনের দরপত্র জমার সুযোগ। চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ। ৩০ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাব। এরপরই ছয় মাসের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার পরিচালনার দায়িত্ব।’

Advertisement

তিনি লেখেন, ‘১৭ নভেম্বর দরপত্র প্রকাশ, ১৮ নভেম্বর পর্যন্ত কেনার সুযোগ, ১৯ নভেম্বর জমার শেষ দিন। এত তাড়াহুড়োর প্রয়োজন কী ছিল? পর্যাপ্ত প্রতিযোগিতার সুযোগ না দিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা কোথায়?’

উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও দরপত্রে অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ উঠেছে।’

আরো পড়ুন

স্বার্থের সংঘাত এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘প্রশ্নটা শুধু কোন প্রতিষ্ঠান কাজ পেল, তা নয়। প্রশ্ন হলো, একজন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান যখন সরকারি চুক্তি পায়, তখন স্বার্থের সংঘাত এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’

সর্বনিম্ন দর দিলেই স্বচ্ছতা নিশ্চিত হয় কি না তিনি জানতে চেয়ে তিনি লেখেন, ‘অন্য যোগ্য প্রতিষ্ঠানগুলোকে সমান সুযোগ দেওয়া হয়েছিল কি? পুরো প্রক্রিয়া কি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে?’

তার মতে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও সরকারি সম্পদ ঘিরে সুবিধাভোগী ব্যবসার যে সংস্কৃতির সমালোচনা করা হয়েছে, সেই সংস্কৃতির পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দরপত্রের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, প্রতিযোগিতার সুযোগ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত যাচাইয়ের দাবি জানান এনসিপির এই সিনিয়র নেতা। তিনি লেখেন, সরকার বদলেছে। কিন্তু সরকারি চুক্তি পাওয়ার সংস্কৃতিও কি বদলেছে, নাকি শুধু সুবিধাভোগীদের পরিচয় বদলেছে?

source: Asia Post

Back to top button