News

লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দাবি জেলেনস্কির

লিবিয়ার উপকূলে রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। এ অভিযানে একটি সামরিক হেলিকপ্টার ধ্বংস এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত রুশ একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানার কথাও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এ তথ্য জানান। তার ভাষ্য, ইউক্রেনের তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রুশ করভেট ‘মেরকুরি’ লক্ষ্য করে অভিযান চালানো হয়।

রাশিয়ার করভেট শ্রেণির নতুন যুদ্ধজাহাজগুলোর একটি মেরকুরি ২০২৩ সালে কমিশন পায়। জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর প্রতিরোধের চেষ্টা সত্ত্বেও জাহাজটি ডুবিয়ে দিতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, অভিযানে করভেটটির সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত বলে অভিযোগ করা পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারায় আঘাত হানা হয়েছে। অভিযানে অংশ নেওয়া ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত হয়েছে।

আরো পড়ুন

এর আগে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, রোববার ভোরে বেনগাজির নৌঘাঁটিতে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য অবস্থান করার সময় রুশ করভেট মেরকুরিতে ড্রোন হামলা হয়। রাশিয়ায় ফেরার পথে জাহাজটি সেখানে নোঙর করেছিল।

লিবিয়ার সামরিক কর্মকর্তাদের প্রাথমিক তদন্তের বরাতে বলা হয়, ছয়টি নৌ-ড্রোন জাহাজটির দিকে এগিয়ে যায়। এর মধ্যে চারটি প্রতিহত করা হলেও দুটি জাহাজে আঘাত হানে। এতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। পরে স্যাটেলাইট ছবিতে জাহাজটিকে কাত হয়ে ডুবে যেতে দেখা যায়, পানির ওপরে শুধু সামনের অংশ দৃশ্যমান ছিল। হামলায় ১০ জন রুশ ও লিবীয় সদস্য সামান্য আহত হন।

পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার সঙ্গে বিদ্যমান সামুদ্রিক সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি বন্দরে অবস্থান করছিল। ঘটনার তদন্তে মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগের পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানায় তারা। তাদের সন্দেহ, ড্রোনগুলো পশ্চিম লিবিয়া থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকতে পারে। দেশটিতে ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতি নিয়েও ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রোববার বেনগাজির কাছে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোনবোটের আঘাতের খবর দিয়েছে লিবিয়ার সামরিক সূত্র। একই এলাকায় ২০টির বেশি ড্রোনবোট প্রতিহত করার কথাও জানিয়েছে তারা। ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার লিবিয়ার বন্দর ও বেসামরিক অবকাঠামোকে বিদেশি সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে।

লিবিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আইদার আগানিন অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধের মূল সংঘাতক্ষেত্রের বাইরেও সমুদ্রাঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চাইছে কিয়েভ।

সূত্র: আনাদোলু এজেন্সি, এপি

source: Rajneete

Back to top button