News

কিশোর গ্যাংবিরোধী অভিযান, দুই জেলায় আটক ৬০২

কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মোট ৬০২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত টানা দুই জেলার বিভিন্ন স্থান, সড়ক, বাজার ও আড্ডাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় চাঁদপুর জেলার ৩৫৮ জন ও লক্ষ্মীপুর জেলার ২৪৪ জনকে আটক করা হয়েছে।

অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, মতলব উত্তরে ৫৩ জন, মতলব দক্ষিণে ৩৭ জন, ফরিদগঞ্জে ৪১ জন, শাহরাস্তিতে ৪৫ জন, কচুয়ায় ৬২ জন, হাজীগঞ্জে ৩৭ জন এবং হাইমচরে ৪৮ জনকে আটক করা হয়। তবে লক্ষ্মীপুরের কোন উপজেলায় কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বেশ কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ। এ ছাড়া মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলার সময় কয়েকজন কিশোরকে আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, চাঁদপুরের সব থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোরদের আটক করা হয়েছে। এর মধ্যে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। অন্য কিশোরদের পরিবারের জিম্মায় দেওয়া হচ্ছে। কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যারা কিশোর গ্যাং কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে নজর রাখার আহ্বান জানানো হচ্ছে।’

source: Asia Post

Back to top button