News

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে চুক্তির বিষয়টি জানানো হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের কৌশলগত গুরুত্ব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তায় এর প্রভাব, বিশেষ করে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব স্বীকার করেছে। একই সঙ্গে জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক শক্তির সম্ভাব্য ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।

চুক্তির আওতায় পারমাণবিক নিরাপত্তা জোরদার, প্রযুক্তিগত বিনিময় এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। দুই পক্ষই পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের সর্বোচ্চ মান অনুসরণ করার বিষয়ে একমত হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ক্ষেত্রেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রোটোকল কার্যকর রয়েছে। পাশাপাশি দুই দেশই ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) অংশীদার।

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা নিয়ে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছিল। ওই উদ্যোগে বহুমুখী উৎসের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

source: Asia Post

Back to top button